২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার রেলস্টেশনে ৩২ জন অপহৃত

একদল বন্দুকধারীর হাতে এই অপহৃতদের মধ্যে স্টেশনের কর্মী এবং ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরাও আছেন।

নাইজেরিয়ার রেলস্টেশনে ৩২ জন অপহৃত

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 08:33 PM

Updated : 09 Jan 2023, 08:32 PM

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যের এক রেলস্টেশনে ৩২ জন অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপহৃতদের মধ্যে স্টেশনের কর্মী এবং ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরাও আছেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয়দের সহায়তায় নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের অনুসন্ধান এবং অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

দেশটিতে হামলা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সর্বশেষ অপহরণের এই ঘটনাটি প্রেসিডেন্ট নির্বাচনের আগের মাসে ঘটল। এবারে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচনী প্রচারে নিরাপত্তাই প্রধান ইস্যু।

কয়েকটি খবরে বলা হয়েছে, গত শনিবার বিকালে বেশকিছু সংখ্যক বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে রেলস্টেশনে ঢোকে। এরপর তারা যাত্রী ও কর্মীদের পাকড়াও করে কাছের একটি জঙ্গলে নিয়ে যায়।

যারা কোনওভাবে পালিয়ে যেতে পেরেছে তারা গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক নারী তার শিশুসন্তান নিয়ে পালিয়ে কাছের একটি লোকালয়ে যেতে সক্ষম হন এবং সেখানে তিনি উদ্ধার পান।

অপহরণকারীরা আরও দুই শিশুকেও ছেড়ে দিয়েছে বলে ভ্যানগার্ড পত্রিকাকে জানিয়েছেন স্থানীয় এক অধিবাসী।

নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা এবং রাজনৈতিক কারণে কোনও সম্প্রদায়ের মানুষের ওপর বন্দুকধারীরে হামলা সম্প্রতি কয়েকবছরে বেড়ে গেছে।

ডিসেম্বরে রাজধানী আবুজার সঙ্গে উত্তরাঞ্চলীয় কাদুনা সংলগ্ন প্রধান রেল সার্ভিস চালু হয়েছে। ট্রেন লাইনে বন্দুক হামলায় অন্তত ৯ যাত্রী নিহত হওয়ার ঘটনার ৯ মাস পর এই সার্ভিস চালু হয়েছে।

ওই হামলার ঘটনায় আরও অনেকেই জিম্মি হয়েছিল এবং অক্টোবরে অন্তত একজন ছাড়া পেয়েছে।