২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ দিনে ইউক্রেইনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

‘সন্ত্রাসী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। তবে আমরা ধৈর্য ধরে থাকব’।

বছরের শেষ দিনে ইউক্রেইনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেইনের এক সেনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 08:12 PM

Updated : 31 Dec 2022, 08:12 PM

ইউক্রেইনের রাজধানী কিইভসহ কয়েকটি নগরীতে বছরের শেষ দিনে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

কিইভের মেয়র ভিতালি ক্লিসক শনিবার তার টেলিগ্রাম চ্যানলে নগরীর বাসিন্দাদের ‘শেল্টারের ভেতর আশ্রয়’ নেওয়ার অনুরোধ জানান।

বলেন, নগরীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অন্তত একজন নিহত হওয়ার খবর দিয়েছেন বলে জানায় বিবিসি।

এর ‍মাত্র দুই দিন আগে রাশিয়া ইউক্রেইন জুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এত বৃহৎ আকারে আকাশ হামলা আর দেখা যায়নি।

শুক্রবার রাতভর ইরানের তৈরি ১৬টি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ করেছে বলে জানায় বিবিসি।

সেগুলোর মধ্যে সাতটি রাজধানী কিইভে বিস্ফোরিত হয়েছে বলে জানান ইউক্রেইনের কর্মকর্তারা।

রাশিয়ার পাঠানো ড্রোনের সবগুলোই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা।

পশ্চিমের নগরী খমেলনি‍ৎস্কিকে একটি ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন।

তার আগের দিন বৃহস্পতিবারও ইউক্রেইনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

Image

ইউক্রেইনের রাজধানী কিইভে ২৯ ডিসেম্বর রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালে বাসিন্দারা একটি মেট্রোস্টেশনে আশ্রয় নেন।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা এখন ইউক্রেইনে বিদ্যুৎ ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চলাচ্ছে। যাতে ইউক্রেইন যুদ্ধক্ষেত্রে সেনাদের রসদ সরবাহ এবং সরঞ্জাম মেরামতের সক্ষমতা হারিয়ে ফেলে।

শনিবারের হামলার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেইনীয়দের নতুন বছরকে স্বাগত জানানোর উদযাপন অন্ধকারে ঢেকে দিতে রাশিয়া আরো বড় ধরণের হামলা চালাতে পারে।

কিইভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামের লেখেন, ‘‘সন্ত্রাসী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। তবে আমরা ধৈর্য ধরে থাকব।’’

একই ধরনের কথা লিখে ফেইসবুকে পোস্ট দেন মিকোলেইভের গভর্নর ভিতালি কিম। তিনি লেখেন, ‘‘দখলদারা আমাদের দিনটি (নতুন বছরের প্রথম দিন) বিনষ্টের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।”

নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির মধ্যেই কিইভের বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠায় হুড়াহুড়ি করে শেল্টারে আশ্রয় নিতে হয়েছে বলে জানায় বিবিসি।

এদিন তিনটি জেলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে জরুরি উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

ইউক্রেইন জুড়ে আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে। ফলে আকাশেই রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেছে।