২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ছে ১০ লাখ ক্রোনার

বাংলাদেশের মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৯০ লাখ টাকার মত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 11:14 AM

Updated : 28 Jan 2024, 11:14 AM

তিন বছরের মাথায় আবারও বাড়ানো হল নোবেল পুরস্কারের আর্থিক সম্মানী। এ বছরের নোবেল পুরষ্কার বিজয়ীরা মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার ডলার) পাবেন, যা আগের চেয়ে ১০ লাখ ক্রোনার বেশি।

বাংলাদেশের মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৯০ লাখ টাকার মত। নোবেল ফাউন্ডেশন শুক্রবার বলেছে, তাদের তহবিলের উন্নতি হওয়ায় এ বছর পুরস্কারের আর্থিক সম্মানী বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে।

ফাউন্ডেশনের তহবিলে টান পড়ায় ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য এক কোটি ক্রোনার থেকে কমিয়ে ৯০ লাখ করা হয়। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৯০ লাখ এবং ২০২০ সালে ফের এক কোটিতে উন্নীত করা হয়।

গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দর হারিয়েছে সুইডিশ ক্রোনার। ফলে পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ ক্রোনার বাড়ানো হলেও সুইডেনের বাইরে তা ততটা দামি মনে হবে না।

২০১৩ সালে আর্থিক সম্মানী যখন কমিয়ে ৮০ লাখ ক্রোনার করা হয়েছিল, তখনও যুক্তরাষ্ট্রের মুদ্রায় এই পুরস্কারের পরিমাণ দাঁড়াত ১২ লাখ ডলার। এবার সেটা বেড়ে ১ কোটি ১০ লাখ ক্রোনার হলেও বিনিময় হারের খেলায় তার পরিমাণ দাঁড়াচ্ছে ১০ লাখ ডলারের কম। 

ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে ১৯০১ সালে থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কারের জন্য নোবেল ফাউন্ডেশনের নামে ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন তিনি।

শুরুতে নোবেল বিজয়ীদের দেড় লাখ ক্রোনার দেওয়া হত। বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রোনার হয়। এরপর পুরস্কারের আর্থিক মূল্য দ্রুত বাড়ানো হয়। ২০০১ সালে প্রথমবারের মত এর পরিমাণ ১ কোটি ক্রোনার হয়।

আগামী ২ অক্টোবর চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের পুরস্কারের মৌসুম শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সংবাদসূত্র: রয়টার্স 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)