জার্মানি থেকে প্রথম বিদেশি কোভিড টিকা যাচ্ছে চীনে
প্রাথমিকভাবে চীনে বসবাস করা জার্মান নাগরিকদের এ টিকা দেওয়া হবে।
জার্মানির বায়োএনটেক এর কোভিড-১৯ টিকার একটি চালান চীনে পাঠানোর কথা জানিয়েছে বার্লিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মত বিদেশে তৈরি করোনা ভাইরাসের কোনও টিকা চীনে যাচ্ছে।
বুধবার জার্মান সরকারের একজন মুখপাত্র টিকার প্রথম চালানটি পাঠানোর কথা জানান।
তবে কবে ওই চালান পাঠানো হয়েছে এবং সেখানে কী পরিমাণ টিকা আছে সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
তিনি বলেন, চীনে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকরাও যদি বায়োএনটেক এর টিকা নিতে চান তবে বার্লিন তাদেরও টিকা দেবে।
গত মাসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বেইজিং সফরে গিয়েছিলেন। সফরে তার সঙ্গী হয়েছিলেন বায়োএনটেক এর প্রধান নির্বাহী উগুর শাহিন।
তারা সেখানে চীনকে তাদের কোভিড টিকা দেওয়া আগ্রহ প্রকাশ করেন।
তাদের প্রস্তাব পাওয়ার পর চীন সরকার সেদেশে বসবাসরত জার্মান নাগরিকদের জন্য বায়োএনটেক এর টিকা নিতে রাজি হয়।
এর অংশ হিসেবেই টিকার প্রথম চালানটি গেছে। চীনে বর্তমানে প্রায় ২০ হাজার জার্মান নাগরিক বসবাস করছেন।
শুধু নিজেদের নাগরিকদের জন্য নয় বরং জার্মান সরকার চীনের নাগরিকদের জন্যও বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
বার্লিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘‘আমি আপনাদের নিশ্চিত করে বলছি, বায়োএনটেক এর টিকার একটি চালান চীনের পথে রওয়ানা হয়েছে।
‘‘জার্মানদের পাশাপাশি সেদেশে থাকা অন্যান্য বিদেশি নাগরিকদের বায়োএনটেক এর টিকা প্রদান সম্ভব করতেও আমরা কাজ করছি।”
এর পরিবর্তে ইউরোপে থাকা চীনের নাগরিকদের সিনোভ্যাক টিকা দেওয়ার সুযোগ দিতে হবে বলেও জানান ওই মুখপাত্র।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ মাসের শুরুতে জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় সে দেশে চীনের তৈরি কোভিড টিকা সিনোভ্যাক আমদানি করার অনুমতি দেয়। যাতে জার্মানিতে বসবাস করা চীনা নাগরিকরা ওই টিকা নিতে পারেন।
তারপরই চীনে বায়োএনটেক এর টিকা পাঠানোর অনুমতি দেয় বেইজিং।
কতটা মনসম্পন্ন সেই সন্দেহে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো সেখানে চীনের তৈরি সিনোভ্যাক টিকা ব্যবহারের অনুমতি দেয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের টিকা ব্যবহারের সম্মতি দিয়েছে।
চীন সরকার এখন পর্যন্ত সে দেশে শুধুমাত্র তাদের তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। যেগুলো পশ্চিমাদের এমআরএনএ প্রযুক্তিতে তৈরি নয়।
কোভিড টিকার উন্নত ভার্সন ‘এমআরএনএ’ প্রযুক্তি। বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের যে ধরণগুলো বিস্তারলাভ করছে সেগুলোর সবই ওমিক্রন ধরণের উপধরণ।
এমআরএনএ টিকা বিশেষ করে ওমিক্রন ধরণকে লক্ষ্য করেই প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, চীনের তৈরি কোভিড টিকার তুলনায় সেটি অনেক বেশি কার্যকর হবে।
চীনে বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার খুব দ্রুত গতিতে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যা নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
১৪০ কোটি মানুষের দেশ চীনে অপর্যাপ্ত টিকাদান এবং সংক্রমণের বড় ঢেউ সামাল দিতে দেশটির স্বাস্থ্যখাত কতটা প্রস্তুত তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে কোভিড-১৯ এ দেশটিতে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। সেখানে কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হলে তার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা এই সংকট প্রশমনে চীনকে সহায়তা করতে আগ্রহী। তারা সহায়তার পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে।
