২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাভালনির লাশকেও ‘নির্যাতন’ করছেন পুতিন : ইউলিয়া

ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে নাভালনির স্ত্রী ইউলিয়া রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তার স্বামীর লাশ ‘জিম্মি’ করে রাখার অভিযোগ করেছেন।

নাভালনির লাশকেও ‘নির্যাতন’ করছেন পুতিন : ইউলিয়া

ইউলিয়া নাভালনায়া।  ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 24 Feb 2024, 09:09 PM

Updated : 24 Feb 2024, 09:14 PM

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তার স্বামীর লাশের ওপরও ‘নির্যাতন’ করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমাহিত করার জন্য স্বামীর লাশ হস্তান্তরের দাবি জানিয়েছেন ইউলিয়া।

ইউটিউবে পোস্ট করা ৬ মিনিটের একটি ভিডিওতে ইউলিয়া প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তার স্বামীর লাশ ‘জিম্মি’ করে রাখার অভিযোগ করেন। প্রায়ই খ্রিস্টান বিশ্বাসের দাবি করে আসা পুতিনের এই ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

রুশ কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশ্যে নাভালনির অন্ত্যষ্টিক্রিয়া না করেই লাশ দাফন করার প্রস্তাব মেনে নিতে বিরোধীদলীয় এই নেতার মা-কে তিন ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। তিনি রাজি না হওয়া পর্যন্ত মর্গ থেকে লাশ বের করতে অস্বীকৃতি জানাচ্ছেন তদন্তকারীরা।

নাভালনির মা বলেন, কর্মকর্তারা তাকে বলছেন যে, লাশ গোপনে দাফনের শর্তে তার রাজি হয়ে যাওয়া উচিত। কারণ লাশ এরই মধ্যে গলতে শুরু করেছে।

নাভালনির সহযোগীরা বলছেন, বেঁধে দেওয়া শর্তে পরিবার রাজি না হলে নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে বলে হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতেই নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া শোকের কালো পোশাকে আবেগঘন এক বক্তব্যে ইউটিউব ভিডিওতে বলেন, “আমার স্বামীর মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা অন্তষ্ট্যিক্রিয়া করতে চাই। তাকে অর্থোডক্স খ্রিস্টান পদ্ধতিতে মানবিকভাবে মাটিতে সমাহিত করতে চাই।”

অভিযোগ করে ইউলিয়া বলেন, “নাভালনির মরদেহ নিয়ে লুকোচুরির জন্য পুতিন ব্যক্তিগতভাবে দায়ী। তিনি নাভালনিকে জীবদ্দশাতে যেমন নির্যাতন করেছিলেন, তেমনি মৃত্যুর পরও তাকে নির্যাতন করছেন।

“আমরা জানতাম যে, পুতিনের ধর্মবিশ্বাস ভুয়া। আর এখন সেটি আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট। সত্যিকারের কোনও খ্রিস্টান কখনও এমন করতে পারতেন না, যা পুতিন এখন করছেন অ্যালেক্সি নাভালনির দেহ নিয়ে।”

গত ১৬ ফেব্রুয়ারিতে পুতিনের এই কট্টর সমালোচকের মৃত্যুর খবর জানায় কারা কর্তৃপক্ষ। তাদের ভাষ্য ছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। নাভালনির স্ত্রীর দাবি, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।

২০১২ সালে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফেরার পর তিনি ক্ষয়িষ্ণু পশ্চিমা উদারনৈতিকতার বিপরীতে ঐতিহ্যবাহী এবং রক্ষণশীল মূল্যবোধের ধারক হিসাবেই নিজের অবস্থান তৈরি করেছিলেন।

রাশিয়ার অর্থোডক্স চার্চের সঙ্গে ঘনিষ্ঠতাও তিনি জাহির করেছিলেন ধর্মীয় বিভিন্ন উৎসবে সামিল হয়ে। ব্যক্তিগত বিশ্বাসের কথা বলেছিলেন তিনি।

ওদিকে, নাভালনির স্ত্রী বলেছেন,তার স্বামী একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান মূল্যবোধ থেকেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের অনুপ্রেরণা পেয়েছিলেন।