টেক্সাসের সমাবেশে ট্রাম্পের আজব দাবি: ঘরেও মেলানিয়ার ‘স্যার’ তিনি
ট্রাম্পকে ‘স্যার’ বলে ডাকেন ফার্স্ট লেডি মেলানিয়া। টেক্সাসের রিপাবলিকান সিনেট প্রার্থীর সমর্থনে কথা বলতে গিয়ে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করার সময় মার্কিন প্রেসিডেন্ট তার স্ত্রীর প্রসঙ্গ টেনে এমন কথাই জানিয়েছেন।
দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী মেলানিয়া কোনও আদুরে নামে নয়, বরং অফিসের কোনও কর্মচারীর মতো ঘরেও স্বামী ট্রাম্পকে ‘স্যার’ বলে ডাকেন। টেক্সাসের এক নির্বাচনি সমাবেশে এমনই অদ্ভুত দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবারের ওই সমাবেশে ট্রাম্প টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এবং রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে কথা বলতে গিয়ে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জেমস তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে আক্রমণ করেন।
ট্রাম্প দাবি করেন, তালারিকো ‘ভেগান’। অর্থাৎ ‘নিরামিশাষী’, যিনি মাংস ও প্রাণিজ খাবার খান না। তবে তালারিকো বারবার এই দাবি অস্বীকার করেছেন।
এই ‘ভেগান’ শব্দটির উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়েই ট্রাম্প তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়ার প্রসঙ্গ টানেন। তিনি জানান, শব্দটির সঠিক উচ্চারণের ক্ষেত্রে তার স্ত্রী তাকে সংশোধন করে দিয়ে বলেছিলেন, এই শব্দ কীভাবে উচ্চারণ করতে হয়।
আর তখনই ট্রাম্প স্মৃতিচারণ করে বলেন, মেলানিয়া তাকে বলেছিলেন, “স্যার, একটা উপকার করুন, আপনাকে আমার ছোট্ট একটা উপকার করতেই হবে—এটা (শব্দটি ওভাবে নয়, এভাবে উচ্চারণ করতে হবে) ভে-গান নয়, উচ্চারণ হবে ভি-গান।”
এরপরই ট্রাম্প বলেন, “আমি ছাই এটা কীভাবে জানব? আমি তো স্টেক পছন্দ করি।” মেলানিয়া তাকে সাধারণত কিভাবে সম্বোধন করেন সেই প্রসঙ্গটি ট্রাম্পের এই কথা থেকেই সমাবেশের বক্তব্যে উঠে আসে।
নামের আনুষ্ঠানিক সম্বোধন কেবল মেলানিয়া নয়, ট্রাম্পও করেন বলেই মনে হয়। গত বছর ট্রাম্প বলেছিলেন, মেলানিয়াকে "ফার্স্ট লেডি" বলে ডাকতে তিনি পছন্দ করেন, কারণ এতে তার মনে পড়ে যে তিনি প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রায়ই এমন সব গল্প বলেন যেখানে মানুষ তাকে 'স্যার' বলে সম্বোধন করে, এবং অনেক সময় তারা তার উপস্থিতিতে অশ্রুসজল চোখে কেঁদে ফেলে। তবে এক্ষেত্রে তিনি কোনও কান্নাকাটির কথা উল্লেখ করেননি।
সোশাল মিডিয়ার সমালোচকরা অবশ্য ফার্স্ট লেডি তার স্বামীকে যে অদ্ভুতভাবে সম্বোধন করে কথা বলেন, তা জানতে পেরে হাসতে হাসতে কেঁদে ফেলেছেন।
সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, “তিনি (মেলানিয়া) তাকে (ট্রাম্প) স্যার বলে ডাকেন?”
আরেকজন লিখেছেন, “ট্রাম্প এখন বৈবাহিক জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তার স্ত্রী যে তার সঙ্গে কথা বলেন, সেটা প্রমাণ করার জন্য তিনি নিজেই কাল্পনিক কথোপকথন তৈরি করছেন। তার স্ত্রী কি তাকে 'স্যার' (মহাশয়) বলে ডাকেন, নাকি তাকে বিল পাঠানোর পরে ডাকেন?"
মেলানিয়ার প্রসঙ্গ নিয়ে সমাবেশে কথা বলার পর ট্রাম্প আবার তালারিকোর খাদ্যাভ্যাস প্রসঙ্গে ফিরে গিয়েছিলেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তালারিকো এখন মাংস খাওয়ার কথা বলছেন। এমনকি মাংস খাওয়ার কারণে তালারিকো অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেন ট্রাম্প।
তবে তালারিকো নিজে নিরামিষভোজী হওয়ার দাবি অস্বীকার করেছেন। তিনি এর আগে নিজের খাদ্যাভ্যাস নিয়ে বলেছেন, প্যাক্সটনের পক্ষ থেকে অভিযোগ ওঠার অনেক আগেই তিনি বারবিকিউ খেয়ে আসছেন। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে নিরামিষভোজী হিসেবে তুলে ধরার প্রচারণা খণ্ডন করার চেষ্টা করেন।
টেক্সাসের সিনেট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের সক্রিয়তা সাম্প্রতিক সময়ে বেড়েছে। সমাবেশে তিনি রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। গত ছয় সপ্তাহে এটি টেক্সাসে ট্রাম্পের তৃতীয় সফর। রাজ্যটির সেনেট আসন ধরে রাখতে রিপাবলিকানদের প্রচারাভিযানে তিনি সরাসরি জড়িত হচ্ছেন।
