আফগানিস্তানে ধর্মীয় স্বাধীনতায় ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করছে তালেবান: যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর ধর্মীয় স্বাধীনতার চরম অবনতি হয়েছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশনের প্রতিবেদনে।
তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ধর্মীয় স্বাধীনতার ‘মারাত্মক অবনতি’ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।
মঙ্গলবার ‘ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’-এর পক্ষ থেকে বলা হয়, ‘‘সুন্নি মুসলিম চরমপন্থিদের ইসলামের কট্টর সংস্করণের কঠোর প্রয়োগের ফলে আফগানদের বিস্তৃত পরিসরে ধর্ম পালন বা বিশ্বাসের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।”
গত বছর অগাস্টে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাত করে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এবার ক্ষমতায় আসার পর তালেবান সব আদিবাসী এবং ধর্মীয় সম্প্রদায়কে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছর পেরিয়ে গেলেও তাদের সেই প্রতিশ্রুতি পূরণের কোনো লক্ষণ নেই।
যুক্তরাষ্ট্রের কমিশনের প্রতিবেদনে বলা হয়, ‘‘বরং আফগানিস্তানে ধর্মীয় স্বাধীনতার মারাত্মক অবনতি হয়েছে। চরমপন্থিরা ইসলামের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে সমস্ত আফগানের ওপর কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করছে।”
‘‘এতে ধর্মীয় সংখ্যালঘু, ওইসব আফগান যারা ইসলামের ভিন্ন ব্যাখ্যায় বিশ্বাস করে, এলজিবিটিকিউ সম্প্রদায় এবং যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের ওপর এর চরম নেতিবাচক প্রভাব পড়েছে।”
প্রতিবেদনে হাজারা সম্প্রদায়ের বহু মানুষের মৃত্যুর জন্য তালেবানকে দায়ী করা হয়েছে। আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় শিয়া ইসলামের অনুসারী। কট্টর সুন্নিদের আরেক দল ইসলামিক স্টেট (আইএস) তাদের ওপর হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। তালেবান তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখার হামলা থেকে হাজারা সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়।
তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর তারা পূণ্যের প্রতিষ্ঠা ও পাপের বিনাশ নামে একটি মন্ত্রণালয় পুনঃপ্রতিষ্ঠা করেছে। যে মন্ত্রণালয়ের অধীনে নৈতিক পুলিশ বাহিনী নারীদের মুখ ঢেকে চলা, কেমন পোশাক পরবে ও কেমন আচরণ করবে তা ঠিক করে দিচ্ছে। তালেবান নারীদের চলাচল, শিক্ষা গ্রহণ, কাজের সুযোগ, খেলাধুলায় অংশগ্রহণের অধিকার সীমিত করে দিয়েছে।
রহস্যময় ইসলামের অনুসারী সুফি সম্প্রদায় তালেবান এবং ইসলামিক স্টেট উভয়ের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলেও মার্কিন কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
