২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুয়েডরে আরেক রাজনীতিবিদকে গুলি করে হত্যা

আগামী ২০ অগাস্ট একুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

একুয়েডরে আরেক রাজনীতিবিদকে গুলি করে হত্যা

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 08:44 PM

Updated : 15 Aug 2023, 09:23 PM

একুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীকে নির্বাচনী প্রচারের সময় গুলি করে হত্যার পর এক সপ্তাহও হয়নি আরেক রাজনীতিবিদকে গুলি করে হত্যা করা হয়েছে।

দেশের উত্তরের এসমেরালদাস প্রদেশের বাসিন্দা স্থানীয় ওই নেতার নাম পেদ্রো ব্রিয়নেস। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সোমবার তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র পাঁচ দিন আগে গত বুধবার রাজধানী কিতোতে নির্বাচনী প্র্রচার শেষে ফেরার সময় প্রেসিডেন্ট প্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওর ওপর হামলা চালানো হয়। তিনি দেশটির জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন।  

আগামী ২০ অগাস্ট একুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

একুয়েডরে মাদক পাচারকারী অপরাধী দলগুলোর সংখ্যা বাড়ছে। এরা দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতায় ইন্ধন দিচ্ছে। এসব সহিংসতা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ।

সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনার পর প্রেসিডেন্ট লাসো গত মাসে তিনটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে রাত্রিকালীন কারফিউ জারি করেছিলেন।

সোমবার হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্রিয়নেস প্রাদেশিক দল বামপন্থি সিটিজেন রেভ্যুলেশন পার্টির নেতা ছিলেন। তার মৃত্যুতে দলের বাকি নেতারা শোক এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

দলটির প্রেসিডেন্ট প্রার্থী লুইসা গঞ্জালেস বলেন, একুয়েডর ‘নিজের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়ের’ মধ্য দিয়ে যাচ্ছে।

কী কারণে ব্রিয়নেসকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। তবে একুয়েডর জুড়ে যেসব অঞ্চলে সহিংসতা তীব্র রূপ নিয়েছে কলম্বিয়া সীমান্তবর্তী এসমেরালদাস প্রদেশটি তার একটি।

কলম্বিয়ার সাথে এর অরক্ষিত সীমান্ত এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এর অবস্থান প্রদেশটিকে মাদক চোরাকারবারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে যারা কলম্বিয়া থেকে একুয়েডর হয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কোকেন পাচার  করে।