২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সিরিয়ায় হামলার শাস্তি ইসরায়েলকে পেতে হবে: খামেনি

দামেস্কে দূতাবাস কম্পাউন্ডে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

সিরিয়ায় হামলার শাস্তি ইসরায়েলকে পেতে হবে: খামেনি

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 10 Apr 2024, 06:54 PM

Updated : 10 Apr 2024, 06:54 PM

সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস কম্পাউন্ডে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার পর ফের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলকে শাস্তি পেতে হবে।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলা চালায়। এতে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরসিজি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ অন্তত ৭ সামরিক উপদেষ্টা নিহত হন।

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন, “কনস্যুলেটে হামলা করে ইসরায়েল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে।”

খামেনির এই হুমকির জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, ইরান ইসরায়েলে হামলা চালালে ইসরায়েল এর জবাব দেবে।

এক্স হ্যান্ডলে কাৎজ লেখেন, “ইরান যদি নিজ ভূখণ্ড থেকে (ইসরায়েলে) আক্রমণ শানায়, তাহলে ইসরায়েল এর জবাব দেবে এবং ইরানে হামলা চালাবে।”

গত বছরের ৭ অক্টোবরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনাবাহিনী।

এ যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এই সংঘাতে জড়িয়ে পড়া বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইরান।