রাশিয়ার উদ্যোগে ইউক্রেইনের অধিকৃত অংশে গণভোট হচ্ছে
ইউক্রেইনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার অধিকৃত লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে শুক্রবার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ইউক্রেইনের চারটি অধিকৃত অঞ্চল নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে সেখানে গণভোট শুরু করেছে রাশিয়া।
ইউক্রেইনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে শুক্রবার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। এই চারটি অঞ্চল ইউক্রেইনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।
লুহানস্ক ও খেরসন অঞ্চলের প্রায় পুরোটা নিয়ন্ত্রণে থাকলেও রুশ বাহিনী এখন পর্যন্ত জাপোরিঝিয়ার ৮০ আর দোনেৎস্কের ৬০ শতাংশের মতো দখলে নিতে পেরেছে। তবে সবগুলো অঞ্চলেই এখনও যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে ভোট কীভাবে হচ্ছে তা পুরোপুরি পরিষ্কার হয়নি।
শুক্রবার দোনেৎস্ক অঞ্চলে ২৩ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে বলে স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা তাস।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, জাপোরিজিয়ার ভোটারদের মধ্যে ২০ দশমিক ৫ শতাংশ এবং খেরসেনের ১৫ শতাংশ ভোটার শুক্রবার ভোট দিয়েছেন।
“আমাদের দৃষ্টিতে প্রথম দিনের ভোট হিসেবে এটাই যথেষ্ট,” খেরসনে রাশিয়ার গড়ে দেওয়া নির্বাচন কমিশনের প্রধান মারিনা জাখারোভা এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে।
ইউক্রেইনের ওই চারটি অঞ্চলের যে বাসিন্দারা এখন রাশিয়ায় আছেন তাদের জন্য মস্কোতে ভোট কেন্দ্র স্থাপনা করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
মস্কো ও সেন্ট পিটার্সবার্গে গণভোট ও যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়ে সমাবেশ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সমর্থকরা।
ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিনের এ গণভোট শেষ না হওয়া পর্যন্ত কিছু অধিকৃত এলাকা ছেড়ে যাওয়ার বিষয়ে বাসিন্দাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর নির্বাচনী কার্যক্রমে অংশ না নিলে কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে।
এই গণভোট আয়োজনের নিন্দা করে একে ‘ধোঁকা’ হিসেবে অভিহিত করছে কিইভ ও পশ্চিমা দেশগুলো। এ ভোটের ফলাফলকে তারা স্বীকৃতি দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন:
