২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ ঘণ্টা রান্না করে নাইজেরীয় বাবুর্চির বিশ্ব রেকর্ড

গত মাসে শেফ হিলদা বাসি চারদিন ধরে ম্যারাথন রান্না করে নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন।

১০০ ঘণ্টা রান্না করে নাইজেরীয় বাবুর্চির বিশ্ব রেকর্ড

ছবি:বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:52 PM

Updated : 13 Jun 2023, 09:52 PM

অবিরাম রান্না করায় নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন নাইজেরিয়ার বাবুর্চি হিলদা বাসি। গিনেস বিশ্ব রেকর্ড কমিটি (জিডব্লিউআর) মঙ্গলবার একথা জানিয়েছে।

বিবিসি জানায়, গত মাসে হিলদা চারদিন ধরে ম্যারাথন রান্না করেন। মোট ১০০ ঘণ্টা রান্না করেছেন তিনি। প্রতিঘণ্টায় বিরতি ছিল ৫ মিনিট করে।

রান্না শেষে টুইটারে এক ভিডিও পোস্টে রান্নার বিচারক মার্ক বলেন, “এখন আমি ঘোষণা দিয়ে বলতে পারি যে, ৯৩ ঘন্টা ১১ মিনিটের দীর্ঘ রান্নার ম্যারাথনে নতুন গিনেস বিশ্বরেকর্ড গড়েছেন হিলদা বাসি।”

এর মধ্য দিয়ে হিলদা এর আগে ৫ ঘণ্টার বেশি সময় রান্নার পুরোনো রেকর্ড ভেঙেছেন। ২০১৯ সালে ভারতের মধ্যপ্রদেশের বাবুর্চি লতা টন্ডন পাঁচঘন্টার বেশি সময়ের রান্নার ওই রেকর্ড গড়েছিলেন।

গিসেন বিশ্বরেকর্ড কমিটি তাদের ওয়েবসাইটে বলেছে, “২৬ বছর বয়সী শেফ হিলদা বাসি গত ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত চারদিনে প্রায় ১০০ আইটেম খাবার রান্না করেছেন।”

তার রান্নার বেশিরভাগই ছিল নাইজেরীয় খাবার। এছাড়া, বিভিন্ন ধরনের চাল, পাস্তা আইটেম ও শিম দিয়ে বানানো জনপ্রিয় একটি খাবারও বানিয়েছিলেন তিনি। আমন্ত্রিত অতিথিদেরকে সেই খাবার খাওয়ানো হয়।

গিনেস বিশ্বরেকর্ডের নিয়মানুসারে হিলদাকে একজন সহকারী দেওয়া হয়েছিল। রান্নার ফাঁকের ৫ মিনিট বিরতির সময়ে তাকে কেবল টয়লেটে যাওয়া এবং বিশ্রাম নিতে দেওয়া হয়েছিল।

ম্যারাথন রান্নার সেশন শেষের পর হিলদা একাজ করার পেছনে তার অনুপ্রেরণার কথা জানিয়ে বলেন, “আমি কেবল জানতাম যে, আমাকে অসাধারণ কিছু একটা করতে হবে। যাতে আমি নিজেকে এই বিশ্বমানচিত্রে তুলে ধরতে পারি,নাইজেরিয়াকে এবং তরুণ আফ্রিকান নারীদেরকে মানচিত্রে তুলে ধরতে পারি।”