২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের হামলায় ৬৩ সেনা নিহত: রাশিয়া

রাশিয়াপন্থি কর্মকর্তারা এর আগে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীর হামলায় প্রায় ৪০০ সেনা হত্যার দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দেন।

রয়টার্স

Published : 02 Jan 2023, 09:53 PM

Updated : 02 Jan 2023, 11:29 PM

ইউক্রেইনের দোনেৎস্ক প্রদেশের রাশিয়া-নিয়ন্ত্রিত অংশে নতুন বছরের আগে দিয়ে ইউক্রেইনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেইনীয় বাহিনী ছয়টি হিমার্স রকেট ছুড়েছে এবং সেগুলোর দুটি ভূপাতিত করা হয়েছে বলে মন্ত্রণালয় সোমবার জানিয়েছে।

চারটি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়েছে এবং ৬৩ সেনা মারা পড়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়।

ইউক্রেইন এর আগে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা নগরীতে ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল। ইউক্রেইনের সেনাবাহিনীর হিসাব দিয়ে জানিয়েছিল, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে।

তখন রুশপন্থি কর্মকর্তারা সেনা হত্যার এই দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে মৃতের সংখ্যা জানাল।

পুরনো খবর:

৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেইনের

সেনা নিহতের এই ঘটনায় রাশিয়ায় ক্ষোভ সঞ্চার হয়েছে। রুশ জাতীয়তাবাদী ব্লগাররা গোলাবারুদের ডিপোর কাছে সেনাদের ব্যারাক স্থাপনের জন্য সামরিক কমান্ডারদের সাজা দেওয়ার দাবি তুলেছেন।

ওদিকে, ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, তাদের সফলতা প্রমাণ করেছে যে, রাশিয়া সম্প্রতি কয়েকমাসে ইউক্রেইনের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দিতে তুমুল বিমান হামলা চালানোর যে কৌশল নিয়েছিল, তা কিইভের জোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে উত্তোরত্তর ব্যর্থ হয়েছে।