২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উপদ্বীপে কেন উত্তেজনা বাড়াচ্ছেন কিম?

গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে কোরিয়া উপদ্বীপ। সোমবার দুই কোরিয়ার সতর্কীকরণ গুলি বিনিময়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ারই লক্ষণ দেখা যাচ্ছে।

কোরিয়া উপদ্বীপে কেন উত্তেজনা বাড়াচ্ছেন কিম?

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

Published : 26 Oct 2022, 09:58 PM

Updated : 26 Oct 2022, 09:58 PM

উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। এই উদ্বেগ কখনও বাড়ে কখনও খানিকটা কম থাকে। কিন্তু কোরিয়া উপদ্বীপের বর্তমান পরিস্থিতি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে এবং দিন দিন তা আরও খারাপের দিকে যাওয়ারই লক্ষণ দেখা যাচ্ছে।

গত মাসে উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেটির কারণে জাপান ক্ষেপণাস্ত্র সতর্কতা সংকেত (সাইরেন) বাজানো এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। নিশ্চিতভাবেই সেটি আক্রমণাত্মক এবং উস্কানিমূলক আচরণ।

উত্তর কোরিয়া সম্প্রতি আরও বেশ কয়েকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে যুদ্ধবিমান উড়িয়েছে এবং সমুদ্রে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে। যেগুলো সমুদ্রের ‘সামরিক নিরাপত্তা অঞ্চলে’ গিয়ে পড়েছে। দুই কোরিয়ার মধ্যে শান্তি বজায় রাখতে ২০১৮ সালে ওই ‘সামরিক নিরাপত্তা অঞ্চল’ চিহ্নিত করা হয়।

বিবিসি জানায়, গত সোমবার উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সমুদ্রসীমা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার জলসীমায় ঢুকে পড়েছিল। যার জেরে উভয় দেশ সতর্ক করে গুলি ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে এই অনুপ্রবেশ কাণ্ড ঘটিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ওই অঞ্চলে কেন উত্তেজনা বাড়াচ্ছেন?

বিবিসি-র বিশ্লেষণে উত্তর কোরিয়ার এ প্রবণতার তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নিজেদের অস্ত্র পরীক্ষা করাসহ সেগুলো তৈরির প্রযুক্তির উৎকর্ষ সাধন, বিশ্বকে বিশেষ করে প্রাথমিকভাব যুক্তরাষ্ট্রকে একটি রাজনৈতিক বার্ত‍া দেওয়া এবং নিজ দেশের জনগণকে প্রভাবিত করার পাশাপাশি শাসকদের প্রতি আনুগত্য বাড়াতে কিম এমনটি করছেন।

পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপগুলোর কোনটি কিভাবে কাজ করবে তা বোঝা বেশ কঠিন। তবে কিম এবার বেশ স্পষ্টভাবে তার বার্তা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকবার স্পষ্ট করেই বলেছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সামরিক মহড়া চালিয়েছে।

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ার জন্য অবশ্য উত্তর কোরিয়া তাদের শত্রুদের দায়ী করেছে এবং বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তারা তাদের শত্রুদের এখনই থামা উচিত বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

গত দুইমাস ধরে ওয়াশিংটন, সিউল ও টোকিও কখনও যৌথভাবে আবার কখনও এককভাবে বৃহৎ আকারে সামরিক মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে তারা যে কোনও সময় উত্তর কোরিয়ায় পরমাণু হামলার জন্য প্রস্তুত থাকার বার্তা দিতে চাইছে বলে মনে করে বিবিসি।

তবে ওইসব মহড়া কিমকে সামান্যতম বিচলিত করতে পেরেছে কিনা তা ‍নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যিনি তার শত্রু দেশগুলোকে সবসময়ই সম্ভাব্য আক্রমণের হুমকি হিসেবে এমন মহড়া দিতে দেখে আসছেন।

উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবেও বহিঃআক্রমণ থেকে নিজেদের সুরক্ষার কথাই বলেছে। তবে এবার কিম যেভাবে উত্তেজনা বাড়াচ্ছেন তার কারণ খুব একটা স্পষ্ট নয়।

হয়ত তিনি আরো উস্কানিমূলক পরীক্ষা চালানোর আগে ক্ষেত্র প্রস্তুত করতে এমনটা করছেন। কেউ কেউ বিশ্বাস করেন, তিনি হয়ত পাঁচ বছরের মধ্যে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা করতে যাচ্ছেন। অথবা, এমনকী হতে পারে তিনি দক্ষিণ কোরিয়ায় ছোট আকারে আক্রমণও করে বসতে পারেন।

গত বছর কিম তার পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যেখানে তিনি যেসব নতুন অস্ত্র বিকাশের পরিকল্পনা করেছেন, তার বিশদ বিবরণ দিয়েছিলেন। তাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ছোট পারমাণবিক বোমা এবং সেগুলো বহন করার জন্য স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো প্রমাণ করে, কিম শুধুমাত্র তার পরিকল্পিত অস্ত্রের তালিকা নিয়েই কাজ করছেন না। বরং নিজের সেনাদেরকে তিনি সেগুলো ব্যবহার করার প্রশিক্ষণও দিচ্ছেন।

তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার উপর পারমাণবিক হামলার অনুকরণে কিছু মহড়া চালিয়েছেন। এখন তার বিশ্বের মনযোগ প্রয়োজন। তার দেশের ওপর থেকে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে তিনি যে অগ্রগতি অর্জন করেছেন তা এখন বিশ্বকে দেখানো প্রয়োজন।

উত্তর কোরিয়াকে অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই দেশটির উপর নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ওইসব নিষেধাজ্ঞা দেশটিকে অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারেনি। বরং সেগুলো উত্তর কোরিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এছাড়া, এখন নানা কারণে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী আলোচনার বিষয়বস্তু থেকে সরে যাচ্ছে এবং দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা হ্রাসের আলোচনাও দিন দিন পিছিয়ে পড়ছে। বিশ্ব এখন বরং ইউক্রেইন যুদ্ধ এবং চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে বেশি উদ্বিগ্ন।

উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান খুবই সাধারণ। তিনি বলেছেন, যদি উত্তর কোরিয়া তাদের সব ধরনের পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করতে রাজি হয়, তবেই কেবল দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা হ্রাসের বিষয়টি বিবেচনা করা হবে।

না হলে ওয়াশিংটন ও সিউল বরং সামরিক মহড়ার মাধ্যমে কোরিয়া উপদ্বীপে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে রাজি। যেটিকে পিয়ংইয়ং ‍ঘৃণা করে এবং ওই উসকানির বিরুদ্ধে জোর প্রতিক্রিয়া জানায়।

উত্তর কোরিয়ার সর্বশেষ দফা ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে দক্ষিণ কোরিয়া সীমান্তে তাদের যুদ্ধবিমান পাঠিয়েছে এবং কামানের গোলা ছুড়েছে।

কিম যদি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পক্ষে আরও অনুকূল শর্ত দিয়ে আলোচনায় বসাতে চান, তবে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার দেশ কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। কিম সেটিই করছেন। তিনি গত মাসে উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ বলে ঘোষণা করেন এবং বলেন, এ ক্ষেত্রে তার অবস্থান অপরিবর্তনশীল।

উত্তর কোরিয়া ইদানিং কতটা আত্মবিশ্বাসের সঙ্গে ক্ষমতা জাহির করছে সে প্রসঙ্গে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা কিম জং-দায়ে। তিনি বলেন, আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শেষ না হওয়া পর্যন্ত এর জবাব দিত না। আর এবার উত্তর কোরিয়া সাগরে যুক্তরাষ্ট্রের মহড়া চলার মধ্যেই এর জবাবে গোলা ছুড়ে দিয়েছে।

“এমন সাহসী এবং আগ্রাসী ঘটনা আমরা কখনও দেখিনি।এটি ভিন্নরকম। উত্তর কোরিয়া একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের মতো তৎপরতা দেখাছে,” বলেন জং-দায়ে।