২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছর পর আমিরাতে রাষ্ট্রদূত দিল ইরান

সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় ব্লকের সঙ্গে ইরানের বৈরিতা ইয়েমেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে নানান সংঘাতে হাওয়া দিচ্ছিল; অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ফেলছিল হুমকির মুখে।

৭ বছর পর আমিরাতে রাষ্ট্রদূত দিল ইরান

ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 06:45 PM

Updated : 05 Apr 2023, 06:45 PM

সৌদি আরব আর তার মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের মধ্যে ২০১৬ সালের পর সংযুক্ত আরব আমিরাতে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল ইরান।

মঙ্গলবার তেহরান রেজা আমেরিকে আমিরাতে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায়।

সৌদি আরব সুপরিচিত এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানি বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হানা দিলে ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ; তারপর সংযুক্ত আরব আমিরাতও তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে।

গত বছরের অগাস্টে আমিরাত ওই অবস্থান বদলে ইরানের সঙ্গে ফের সমমর্যাদার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং তেহরানে রাষ্ট্রদূত পাঠানোর ঘোষণা দেয়; তারই ধারাবাহিকতায় এবার ইরানও আমিরাতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় ব্লকের সঙ্গে ইরানের বৈরিতা ইয়েমেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে নানান সংঘাতে হাওয়া দিচ্ছিল; অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ফেলছিল হুমকির মুখে।

দুই পক্ষের ওই বিরোধ মেটাতে সাম্প্রতিক সময়ে চীনকে মধ্যস্থতা করতে দেখা যাচ্ছে। বেইজিংয়ের সহযোগিতায় বেশ কিছুদিন ধরে দুই পক্ষের কর্মকর্তা পর্যায়ে একের পর এক বৈঠকও হয়েছে।

তারই ধারাবাহিকতায় গত মাসে রিয়াদ জানায়, চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় তারা তেহরানের সঙ্গে সম্পর্ক ফের স্বাভাবিক করতে যাচ্ছে।

আমিরাত ও ইরানের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক শতক পুরনো। ২০১৬ সালে সম্পর্ক সীমিত করলেও সৌদি তেলক্ষেত্র ও উপসাগরের জলসীমার মধ্যে হওয়া একের পর এক হামলার প্রেক্ষিতে ২০১৯ সালে আবু ধাবি ফের তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু করে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই দীর্ঘদিন ধরেই বহির্বিশ্বের সঙ্গে ইরানের অন্যতম প্রধান সংযোগস্থল।

ইরান নতুন যাকে আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে, সেই রেজা আমেরি এর আগে ইরানের প্রবাসী দপ্তরের মহাপরিচালকের দায়িত্ব সামলেছেন, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।