মেক্সিকোয় রিসোর্টে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৭
বন্দুকধারীরা সরাসরি রিসোর্টের সুইমিংপুলে গুলি চালায়।
মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একটি রিসোর্টের সুইমিংপুলে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে একশিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গুয়ানাজুয়াতো রাজ্যে মাদক চক্রের সহিংসতা দিন দিন বাড়ছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনায় স্থানীয় প্রশাসনকে বলেন, স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দুকধারী কয়েকজন রিসোর্টে প্রবেশ করে সুমিংপুলের কাছে যায় এবং এলোপাতাড়ি গুলি করা শুরু করে।
চলে যাওয়ার সময় তারা একটি দোকানে ভাংচুর চালায়, কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং মনিটরিং কক্ষ তছনছ করে।
এ হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানায় সিএনএন। সেগুলোতে দেখা যায়, সাঁতারের পোশাক পরা লোকজন প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে ছুটছে এবং নিজেদের শিশুদের জড়িয়ে ধরছেন।
গুয়ানাজুয়াতো রাজ্যের কোরতাজার নগরীতে ওই হামলায় জড়িতদের আটক করতে মেক্সিকোর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে।
হামলার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সাতটি মৃতদেহ দেখতে পায়। যাদের মধ্যে সাত বছরের কম বয়সের একটি শিশুও রয়েছে। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
