বাইডেনকে ‘যেকোনো সময়’ টিভি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন ট্রাম্প
বাইডেনের নির্বাচনী প্রচার দল বলেছে, মনোযোগ টানতে ব্যাকুল ট্রাম্প। তিনি আবেদন বাড়াতে হিমশিম খাচ্ছেন।
সুপার টুয়েসডেতে বড় জয় পাওয়ার পর যেকোনো সময় টিভি বিতর্কের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বড় হাতের লেখায় দেওয়া পোস্টে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী ট্রাম্প বলেন, তিনি বাইডেনের সঙ্গে ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়’ টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।
এই পোস্টের প্রতিক্রিয়ায় বাইডেনের নির্বাচনী প্রচার দল বলেছে, মনোযোগ টানতে ব্যাকুল ট্রাম্প। তিনি আবেদন বাড়াতে হিমশিম খাচ্ছেন।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে এবছর ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর মধ্যে কোনও বিতর্ক অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত হয়নি।
প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড় থেকে শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির সরে দাঁড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা পর বাইডেনকে বিতর্কের ওই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “আমাদের দেশের মঙ্গলের জন্য, আমেরিকা ও আমেরিকান জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিতর্ক হওয়াটা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, এই বিতর্ক আয়োজন করতে পারে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি কিংবা কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস। যারা গত ৩০ বছর ধরে প্রেসিডেন্সিয়াল বিতর্ক তদারক করে আসছে।
৭৭ বছর বয়স্ক ট্রাম্প বারবারই বলে আসছেন যে, ৮১ বছর বয়সী বাইডেনের বয়স অনেক বেশি এবং তিনি সবকিছু ভুলে যান। অপরদিকে বাইডেন বলছেন, আসলে ট্রাম্প নিজেই এখন জরাগ্রস্ত এক মানুষ।
