২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমার মাছ খেলেন জাপানের প্রধানমন্ত্রী

তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওই অঞ্চলের ‘নিরাপদ ও সুস্বাদু’ মাছ খেয়েছেন।

ফুকুশিমার মাছ খেলেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 07:21 PM

Updated : 30 Aug 2023, 07:21 PM

প্রতিবেশী দেশগুলোর বিরোধিতার মধ্যেই জাপান বৃহস্পতিবার থেকে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের শোধন করা তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওই অঞ্চলের সুস্বাদু মাছ সাশিমি খেয়েছেন।

জাপান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে এমনটি দেখা গেছে। এর মধ্য দিয়ে কিশিদা সাগরে ফেলা তেজস্ক্রিয় পানি এবং সামুদ্রিক খাবারের পক্ষে প্রচার চালানোর চেষ্টা নিয়েছেন।

দূষিত ওই পানি সাগরে ফেলার পরও তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এবং মাছ খাওয়া নিরাপদ এমনটিই সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।

দুই বছর আগে জাপান সাগরে তেজষ্ক্রিয় পানি ফেলার পরিকল্পনা ঘোষণার পর থেকেই সেদেশের জেলে এবং সামুদ্রিক খাবার ব্যবসায় নিয়োজিতরা-সহ ব্যাপক অঞ্চলজুড়ে মানুষ জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পানি সাগরে ফেললে অনেকে সামুদ্রিক খাবার কেনা বন্ধ করে দেবে।

জাপান এখন এই উদ্বেগ দূর করার চেষ্টা চালাচ্ছে। সরকার এরই মধ্যে বলেছে, ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের সাগরের পানি পরীক্ষায় তেজস্ক্রিয়তার কোনও মাত্রা শনাক্ত হয়নি। আগামী তিনমাস ধরে তারা সাগরের পানি পরীক্ষার ফল প্রকাশ করবে বলেও জানিয়েছে।

২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা কেন্দ্রটি ধ্বংস হওয়ার পর ১৩ লাখ ৪০ হাজার টন তেজস্ক্রিয় পানি সঞ্চিত করে রেখেছে জাপান। এই পানিই আগামী ৩০ বছর ধরে সাগরে ফেলবে তারা।

জাপান বলে আসছে, তাদের এই পানি নিরাপদ। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ’ও এই পানি সাগরে ছাড়ার জন্য নিরাপদ বলে রায় দিয়েছে।

এরপরই জাপান এই তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করে। তবে সমালোচকরা বলছেন, পানি সাগরে ফেলা বন্ধ করা উচিত।