২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন পুনর্গঠনে ১৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

রাশিয়ার আগ্রাসন কবলিত ইউক্রেইনের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসাবে এ তহবিল কাজে লাগানো হবে, বলেছেন প্রধানমন্ত্রী।

ইউক্রেইন পুনর্গঠনে ১৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

ছবি:রয়টার্স।

রয়টার্স

Published : 30 Jun 2023, 09:14 PM

Updated : 30 Jun 2023, 09:14 PM

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনকে পুনর্গঠনের জন্য ১৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। ইউক্রেইনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইহাল শুক্রবার একথা জানিয়েছেন।

টেলিগ্রামে তিনি বলেন, জাপান সরকারের কাছ থেকে গ্যারান্টির ভিত্তিতে এ তহবিল দেওয়া হবে এবং রাশিয়ার আগ্রাসন কবলিত ইউক্রেইনের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসাবে তা কাজে লাগানো হবে।

“বিশেষত, এই ঋণ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হওয়া মানুষদের জন্য ভর্তুকি এবং পেনশন দেওয়ার জন্য সহায়ক হবে,” বলেছেন স্মাইহাল।

ইউক্রেইন তাদের বাজেট ঘাটতি মেটাতে বিদেশি অংশীদারদের ওপর নির্ভর করে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বোর্ড ইউক্রেইনের ঋণ পুনপর্যালোচনা সম্পন্ন করায় কিইভ অবিলম্বে বাজেটের জন্য ৮৯ কোটি ডলার তোলার সুযোগ পেয়েছে।

ইউক্রেইনে রুশ আগ্রাসনের কারণে ২০২২ সালে অর্থনীতি প্রায় এক-তৃতীয়াংশ সংকুচিত হওয়ার পর কিইভ সরকার এবছর মাঝারি ধরনের অর্থনৈতিক পুনর্গঠন আশা করছে এবং দ্রুত পুনর্গঠনের জন্য আর্থিক নিশ্চয়তা পেতে বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে।

ইউক্রেইন স্কুল, হাসপাতাল, রাস্তা, সেতু পুনর্গঠন করছে এবং দেশের দক্ষিণ ও পূর্বে চলমান লড়াইয়ের মধ্যেও জ্বালানি খাতে মেরামতির কাজ করছে।