২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তো দেউলিয়া হয়েই গেছে, বললেন প্রতিরক্ষামন্ত্রী

বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি ‘ন্যূনতম সম্মান না দেখানোরই ফল’, বলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তান তো দেউলিয়া হয়েই গেছে, বললেন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 07:22 PM

Updated : 20 Feb 2023, 10:10 AM

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার দেশ এরই মধ্যে দেউলিয়া হয়ে গেছে। এর জন্য ক্ষমতাচক্র, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদ সবাইকে দায়ী করেছেন তিনি।

শনিবার শিয়ালকোটে এক বেসরকারি কলেজের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় খাজা আসিফ বলেছেন, “আপনারা সবাই হয়ত জেনে গেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে; অথবা খেলাপি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা ভাঙনের দিকে যাচ্ছে। এটি ইতোমধ্যেই হয়েছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।”

প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। তিনি বলেন, “আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই রয়েছে। আইএমএফ এর কাছে পাকিস্তানের সমস্যার কোনও সমাধান নেই।”

বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি ন্যূনতম সম্মান না দেখানোরই ফল, বলেন খাজা আসিফ।

এসময় প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারেরও সমালোচনা করেন বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

তিনি বলেন, “আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছিল, যা শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের বর্তমান ঢেউয়ে পরিণত হয়েছে।

করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো কেপিওতে (করাচি পুলিশ কার্যালয়) হামলাকারীদের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করেছে।