১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্টে নিষিদ্ধ হল গাঁজা

রেড লাইট ডিস্ট্রিক্টের রাস্তা-ঘাটে গাঁজা সেবন আর পর্যটকদের বিশৃঙ্খলার দীর্ঘদিনের অভিযোগ ছিল; সেটি আমলে নিয়ে নতুন আইন চালু করতে যাচ্ছে আমস্টারডাম কাউন্সিল।

আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্টে নিষিদ্ধ হল গাঁজা

আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 05:21 PM

Updated : 10 Feb 2023, 05:21 PM

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্টের রাস্তায় গাঁজা সেবন নিষিদ্ধ করছে কর্তৃপক্ষ।

বাসিন্দাদের ‘জীবনমানের উন্নয়নে’ নতুন এ নিয়ম চালু হচ্ছে সেখানে, যা আগামী মে মাসের মাঝামাঝি থেকে কার্যকর হবে বলে বিবিসি জানিয়েছে।

রাস্তা-ঘাটে গাঁজা সেবন আর পর্যটকদের বিশৃঙ্খলার দীর্ঘদিনের অভিযোগ ছিল রেড লাইট ডিস্ট্রিক্টের বাসিন্দাদের। সেই অভিযোগ আমলে নিয়ে নতুন আইন চালু করতে যাচ্ছেন কাউন্সিলররা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, গাঁজা সেবন বন্ধের পাশাপাশি যৌনকর্মীদেরও তাদের ভেন্যুগুলো রাত ৩টার আগে বন্ধ করতে হবে। স্থানীয় অধিবাসীদের বিড়ম্বনা কমানোর জন্য এ উদ্যোগে প্রায় সব কাউন্সিলরই সমর্থন জানিয়েছেন।

রেড লাইট কাউন্সিল বৃহস্পতিবার ঘোষণা করেছে, রেস্টুরেন্ট ও বারগুলো শুক্র ও শনিবার রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে। রাত ১টার পর নতুন কাউকে ওল্ড সিটি ডিস্ট্রিক্টে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

রেড লাইট ডিস্ট্রিক্টে বৃহস্পতিবার থেকে রোববার বিকাল ৪টার পর মদের দোকান ও ক্যাফেগুলোতে অ্যালকোহল বিক্রি করার নিয়ম নেই। তবে এখন দোকান থেকে ওই সময়ের মধ্যে সম্পূর্ণভাবে অ্যালকোহল সরিয়ে ফেলতে বলবে সিটি কাউন্সিল, অথবা দোকানের সামনে থেকে সেগুলো সরাতে বলবে।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম গাঁজার ক্যাফের জন্য সুপরিচিত। বছরে লাখ লাখ পর্যটক বেড়াতে যান সেখানে। তবে আমস্টারডামের বেশিরভাগ পাবলিক স্পেসে অ্যালকোহল পান বেআইনি।

স্থানীয়দের অভিযোগ, পর্যটকরা রাস্তায় মাদক কারবারিদের কাছ থেকে মাদক নেন। মাদক ও অ্যালকোহলের অপব্যবহারের কারণে সেখানে অপরাধ বাড়ছে।

বিবিসি জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী নেদারল্যান্ডসে মাদক সংগ্রহ, উৎপাদন ও বিক্রি দণ্ডনীয়। তবে দেশটির ‘সহিষ্ণু নীতি’ রয়েছে, যার আওতায় কঠোর শর্তের মধ্য দিয়ে নির্দিষ্ট ক্যাফেতে গাঁজা বিক্রির অনুমতি দেওয়া হয়।

এসব শর্তের একটি হল- কফি শপগুলো কোনো ধরনের ঝামেলা বা উৎপাত সৃষ্টি করবে না। বিদেশি মাদকসেবীদের আকর্ষণ কার কিংবা মাদক সেবনে উৎসাহ দেবে না।

নতুন আইনের পাশাপাশি যেসব পর্যটক মাদক, অ্যালকোহল কিংবা যৌন সংসর্গের জন্য আমস্টারডামে ভ্রমণ করবেন, তাদের উদ্দেশ্যে আগামী বসন্তে ‘স্টে অ্যাওয়ে’ বা ‘দূরে থাকুন’ ক্যাম্পেইন চালাবে আমস্টারডাম কাউন্সিল।