২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কৃষ্ণ সাগরে রাশিয়ার টহল জাহাজে ইউক্রেইনের ‘ড্রোন হামলা’

রাশিয়া হামলার বিষয়ে মুখ না খুললেও দেশটির মূলভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমেয়া উপদ্বীপকে সংযুক্তকারী সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে। যান চলাচলও বেশ কয়েকঘণ্টা বন্ধ ছিল।

রয়টার্স

Published : 05 Mar 2024, 07:20 PM

Updated : 05 Mar 2024, 07:20 PM

অধিকৃত ক্রিমেয়ার কাছে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি টহল জাহাজে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেইন।

ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থা থেকে মঙ্গলবার এই দাবি করে টেলিগ্রামে এক পোস্টে বলা হয়, তাদের বিশেষ ইউনিট গ্রুপ থারটিন কের্চ প্রণালীর কাছে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের টহল জাহাজ সের্গেই কোতভ এ আক্রমণ করেছে।

“মাগুরা ভিফাইভ মেরিটাইম ড্রোন দিয়ে হামলার ফলে রাশিয়ার জাহাজ প্রোজেক্ট ২২১৬০ সের্গেই কোতভের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।”

পোস্টে ক্ষতিগ্রস্ত জাহাজটির দাম সাড়ে ছয় কোটি ডলার বলেও উল্লেখ করা হয়। হামলার সময়ের কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

হামলার সম্ভাব্য কারণ ব্যাখ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্ড্রি ইয়ারমাক টেলিগ্রামে মঙ্গলবার এক পোস্টে বলেন, “রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জবরদখলের প্রতীক। এটা ইউক্রেইনের ক্রিমেয়ায় থাকতে পারে না।”

ইউক্রেইনের এই দাবির বিষয়ে রাশিয়া থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স থেকে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

রাশিয়া হামলা বিষয়ে কিছু না বললেও দেশটির মূলভূখণ্ডের সঙ্গে ক্রিমেয়া উপদ্বীপকে সংযুক্তকারী সেতুতে ট্রেন চলাচল অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।

মহাসড়কেও বেশ কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।