পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কাঁদুনে গ্যাস
দেশটির পার্লামেন্টে এখন সরকারবিরোধীরাই সংখ্যাগরিষ্ঠ; তাদের বাধায় এখন পর্যন্ত বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি ধনী-দরিদ্রের ব্যবধান কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বামপন্থি প্রেসিডেন্ট কাস্তিলো।
পেরুর রাজধানী লিমাতে সরকারবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়েছে দাঙ্গা পুলিশ।
দুর্নীতির অভিযোগ ওঠায় প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পদত্যাগের দাবিতে শনিবার দক্ষিণ আমেরিকার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এসব বিক্ষোভে কয়েক হাজার সরকারবিরোধী আন্দোলনকর্মী অংশ নেয়।
কাস্তিলো গত বছর পেরুর ক্ষমতায় এসে বেশ চমকই সৃষ্টি করেছিলেন, এখন তার বিরুদ্ধে ওঠা ছয়টি অভিযোগের তদন্ত চলছে।
এসব অভিযোগ অস্বীকার করে বামপন্থি এ রাজনীতিক বলেছেন, তিনি কোনো ধরনের অন্যায়ের সঙ্গেই জড়িত নন।
নানান অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত পেরুতে সাম্প্রতিক সময়ে জীবনধারণের খরচ হু হু করে বাড়ছে।
দেশটির পার্লামেন্টে এখন কাস্তিলোবিরোধীরাই সংখ্যাগরিষ্ঠ; তাদের বাধায় এখন পর্যন্ত বড় কোনো পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি ধনী-দরিদ্রের ব্যবধান কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বামপন্থি কাস্তিলো।
শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নিজের সন্তান-সন্ততির কথা চিন্তা করেই সরকারের বিরুদ্ধাচরণ করছেন তিনি।
“এই সরকার নরকে পরিণত হচ্ছে,” বলেছেন তিনি।
প্যারিসভিত্তিক এক সংবাদমাধ্যমকে আরেক বিক্ষোভকারী বলেছেন, “দেশ এখন খাদের কিনারে, অর্থনৈতিকভাবে সবই স্থবির হয়ে আছে।”
লিমায় বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন ভবনে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পেরুর অন্যান্য শহরেও শনিবার বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে কাস্তিলোর সমর্থকরাও লিমার একটি চত্বরে সরকারের পক্ষে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন।
২০২১ সালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত দুইবার অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হলেও কাস্তিলো প্রতিবারই উৎরে গেছেন।
৫৩ বছর বয়সী এ রাজনীতিকের বিরুদ্ধে গত মাসে অ্যাটর্নি জেনারেলও একটি সাংবিধানিক অভিযোগ এনেছেন, যেখানে দাবি করা হয়েছে- কাস্তিলো ও তার পরিবারের সদস্যদেরা একটি অপরাধী চক্রের মদদদাতা।
সাবেক স্কুলশিক্ষক ও বামপন্থি এ নেতা বলেছেন, তিনি এবং তার আত্মীয়ের কেউই কোনে ধরনের অপরাধ করেননি; বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, সে কারণেই এসব সাজানো অভিযোগ হাজির করেছে তারা।
শনিবার কাস্তিলো ‘মিথ্যা অভিযোগ’ দেওয়া ‘চিরাচরিত শত্রুদের’ উদ্দেশ্যে করা এক টুইটে দৃঢ় বার্তা দেন। বলেন, অসমতা থেকে জনগণকে মুক্ত করার লড়াই চালিয়ে যাবেন তিনি।
পেরুতে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট পদ ‘মিউজিক্যাল চেয়ারে’ পরিণত হয়েছে। ২০২০ সালেই মাত্র ৫ দিনের ব্যবধানে দেশটির বাসিন্দারা তিনজনকে রাষ্ট্রপ্রধান পদে দেখেছিলেন।
