যুক্তরাষ্ট্রে বেলুন বিধ্বস্ত, নিহত ৪
বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে তাতে থাকা অন্য ৮ স্কাইডাইভার লাফ দিয়ে বেঁচে ফিরতে পেরেছেন।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত এবং আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
রোববার রাজ্যের ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে। তবে বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে তাতে থাকা অন্য ৮ স্কাইডাইভার লাফ দিয়ে বেঁচে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) সোমবার এক বিবৃতিতে বলেছে, “কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি রোববার ফিনিক্সের প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পূর্বে ইলয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এনটিএসবি জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কোনও যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বেলুন ও এর ঝুড়ি অক্ষত ছিল বলেই প্রতীয়মান হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য ফ্লাইটের তথ্য থাকা একটি বৈদ্যুতিক যন্ত্র এবং ভিডিও ক্যামেরা ওয়াশিংটনে এনটিএসবি-র সদর দপ্তরে পাঠানো হয়েছে।
ইলয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার আগেই স্কাইডাইভাররা তাদের স্কাইডাইভিং সফলভাবে শেষ করেছিলেন।
