ওয়াগনারকে অর্থায়ন নাও করতে পারে ক্রেমলিন: যুক্তরাজ্য
রাশিয়া ওয়াগনারকে অর্থায়ন না করলে তাদেরকে অর্থায়ন করতে পারে বেলারুশ কর্তৃপক্ষ।”
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, রাশিয়া আর ভাড়াটে সেনাদল ওয়াগনারকে অর্থায়ন নাও করতে পারে। এ সম্ভাবনা বাস্তব।
এক দৈনিক বুলেটিনে প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, গত জুনে বিদ্রোহ প্রচেষ্টায় ব্যর্থতার পর রাশিয়া ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে অন্যান্য কিছু ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।
তারা বলেছে, “রাশিয়া ওয়াগনারকে অর্থায়ন না করলে তাদেরকে অর্থায়ন করতে পারে বেলারুশ কর্তৃপক্ষ।” তবে তা বেলারুশের সম্পদেরই অপচয় হবে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।
আর্থিক সংকটে থাকার কারণে ওয়াগনার যোদ্ধাদলের আকার ছোট হচ্ছে বলেও ব্রিটিশ মন্ত্রণালয় জানিয়েছে।
গত ২৪ জুন, প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় রুশ শহর রোস্তভ-অন-দনের সামরিক কেন্দ্রগুলো দখল করে নিয়ে রাশিয়ার সামরিক নেতৃত্বকে উপড়ে ফেলার লক্ষ্যে মস্কোর দিকে রওনা হয়েছিল।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় পরে ওয়াগনার প্রধান তার বিদ্রোহের ইতি টানতে এবং বেলারুশে নির্বাসনে যেতে রাজি হন।
