২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স হামলার পরিকল্পনা করছে, অভিযোগ নাইজারের জান্তার

বিদেশি হস্তক্ষেপে শুধু রক্তই ঝরবে আর বিশৃঙ্খলা দেখা দেবে বলে হুঁশিয়ার করেছে জেনারেল চিয়ানির বাহিনী।

ফ্রান্স হামলার পরিকল্পনা করছে, অভিযোগ নাইজারের জান্তার

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 10:57 PM

Updated : 31 Jul 2023, 11:01 PM

অভ্যুত্থানের মাধ্যমে গত সপ্তাহে নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনী ফ্রান্সের বিরুদ্ধে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগ তুলেছে।

বলেছে, উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে মুক্ত করে তার সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে ফ্রান্স তাদের সাবেক উপনিবেশ নাইজারে হামলা চালানোর পরিকল্পনা করছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত কর্নেল আমাদু আব্দরামানে বলেন, “উৎখাত হওয়া সরকার বাজোমের পররাষ্ট্রমন্ত্রী হাসোউমি মাসোউদুর সই করা একটি বিবৃতির মাধ্যমে বর্তমান কর্তৃপক্ষের উপর হামলা চালাতে ফ্রান্সকে অনুমতি দিয়েছে।”

যদিও তিনি নিজের বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি বা ঠিক কী ধরনের হামলা চালাতে বলেছে সে বিষয়েও সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

মাসোউদু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বার্তা সংস্থা রয়টার্স থেকে টেলিফোনের তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি।

ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযোগ স্বীকার করা হয়নি বা বাতিল করাও হয়নি। তবে বলা হয়েছে, প্যারিস শুধুমাত্র বাজোম সরকারকে পশ্চিম আফ্রিকার দেশটির বৈধ কর্তৃপক্ষ বলে স্বীকৃতি দেয় এবং সে দেশে থাকা ফরাসি নাগরিক এবং তাদের স্বার্থের সুরক্ষার দিকেই তাদের একমাত্র মনোযোগ।

গত বুধবার নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়।

আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং ফ্রান্সসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তি এভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তিন বছরের কম সময়ে এটি সপ্তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা। ওই অঞ্চলের দেশগুলোর রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে।

ফ্রান্সের এই পরিকল্পনার বিষয়ে নাইজারের জান্তা অভিযোগ করার একদিন আগে পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক-ইসিওডব্লিউএএস থেকে সামরিক অভ্যুত্থানের জেরে নাইজারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রেসিডেন্ট বাজোমকে মুক্ত করে ক্ষমতায় পুনর্বহাল করতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকিও তারা দিয়ে রেখেছে। ওদিকে, সামরিক অভ্যুত্থানে পর থেকে বন্দি থাকা প্রেসিডেন্ট বাজোমকে প্রথমবারের মতো দেখা গেছে। 

এই সপ্তাহান্তে নিয়ামেতে প্রতিবেশী দেশ শাদের নেতা মোহমাত ইদ্রিস ডেবির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের সাক্ষাতের একটি ছবি শাদের প্রেসিডেন্ট দপ্তর প্রকাশ করেছে। ছবিতে একটি সোফায় শাদের নেতা ডেবির পাশে বসে আছেন হাস্যোজ্জ্বল বাজোম।

অভ্যুত্থানের নেতৃত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, চিয়ানির সঙ্গে বৈঠকে তিনি বর্তমান সংকটের ‘একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পেতে চেষ্টা করেছেন’। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি।

নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনী আগেই বিদেশি কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে। বলেছে, তার ফলে শুধু রক্তই ঝরবে এবং বিশৃঙ্খলা দেখা দেবে।

সেনাবাহিনী নাইজারের ক্ষমতা দখল করায় ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা ইসলামপন্থি সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স এবং অন্যান্য বিদেশি সেনারা নাইজারকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে।

ওদিকে, নাইজারে সামরিক অভ্যুত্থানের পক্ষে একদল মানুষকে নিয়মিত সড়কে নামতে দেখা যাচ্ছে। অভ্যুত্থানের পক্ষে উল্লাস প্রকাশ করা থেকে শুরু করে রোববার তারা নিয়ামেতে ফ্রান্সের দূতাবাসে হামলা চালিয়ে দেশটির পতাকায় আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।