বাব আল-মান্দেব প্রণালি থেকে হুতিদের বিতাড়িত করেছে ইয়েমেন সরকার
ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার বাব আল-মান্দেব প্রণালির চারপাশের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে মোখা শহর পর্যন্ত এলাকা পুনর্দখলের জন্য আকস্মিক ও দ্রুতগতির অভিযান চালায়।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী হুতি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি থেকে বিতাড়িত করার দাবি করেছে।
ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার বাব আল-মান্দেব প্রণালির চারপাশের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে মোখা শহর পর্যন্ত এলাকা পুনর্দখলের জন্য আকস্মিক ও দ্রুতগতির অভিযান চালায়।
এর মাধ্যমে গত মাসে ইরান-সমর্থিত হুতিদের দখল করা বেশিরভাগ এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন সরকার।
সৌদি আরবের ব্যাপক বিমান হামলার সহায়তায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী সোমবার শেষদিকে মোখার উপকণ্ঠে পৌঁছায় এবং হুতি যোদ্ধারা পাহাড়ি অঞ্চলের দিকে পিছু হটে বলে চার সরকারি সূত্র জানিয়েছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শহরটির পতন হয়েছে। সরকারি বাহিনী ইতিমধ্যেই ধুবা জেলায় একটি বিমানঘাঁটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছে, যা ওই প্রণালির মুখে অবস্থিত।
প্রণালিটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এবং গত মাসে হুতিরা এই প্রণালি দখল করায় জ্বালানি বাজারে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার কতটা অগ্রগতি করেছে তা যাচাই করতে পারেনি।
অন্যদিকে, ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ জনবহুল এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা বিদ্রোহীরা ইয়েমেন সরকারের দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
তবে উপকূলীয় এলাকা হুতিদের হাত থেকে মুক্ত করা হলেও সমুদ্রপথে তাদের হামলা পুরোপুরি বন্ধ করা যাবে না; কারণ তারা সমুদ্র থেকে দূরে দেশের ভেতরের অংশ বা উপকূলের অন্যান্য জায়গা থেকেও ড্রোন দিয়ে জাহাজে আক্রমণ করতে পারে।
হুতিরা এরই মধ্যে তাইজ শহরের কাছে অনেকটা এগিয়ে গেছে। তারা একটি পাহাড়ি রাস্তার কিছু অংশ দখল করে সেখানকার সরকারি বাহিনীকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে বলে জানিয়েছেন ইয়েমেন সরকারের পাঁচ সামরিক কর্মকর্তা। তবে সরকারের একজন কর্মকর্তা রাস্তাটি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
ওদিকে, হুতিরা সৌদি আকাশসীমায় উড়োজাহাজ চলাচলেও হামলা চালানোর হুমকি দিয়েছে।
