২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপিটল দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পকে সমন জারির সিদ্ধান্ত

ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস কমিটি যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টকে সমন জারির পক্ষে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।

ক্যাপিটল দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পকে সমন জারির সিদ্ধান্ত

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 14 Oct 2022, 05:57 PM

Updated : 14 Oct 2022, 05:57 PM

ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করতে চলেছে কংগ্রেসের তদন্ত কমিটি।

বৃহস্পতিবার দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস কমিটি সমন জারির পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।

হাউজ সিলক্ট কমিটির ৭ ডেমোক্র্যাট ও ২ রিপাবলিকান আইনপ্রণেতা নিয়ে গঠিত ৯ সদস্যের প্যানেলে ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে ৯ টি।

অর্থাৎ, ক্যাপিটল দাঙ্গা নিয়ে নথিপত্র পেশ করাসহ সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে হাজির করার নির্দেশনামা জারির পক্ষে সব সদস্যই ভোট দিয়েছেন।

আগামী কয়েক দিনের মধ্যে ট্রাম্পকে সমন পাঠানো হতে পারে। সমন পালনের জন্য তাকে সময়ও বেঁধে দেওয়া হবে।

ট্রাম্প এ সমন না মানলে তিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন এবং দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

কংগ্রেস কমিটি প্যানেলের ডেমোক্র্যাট চেয়ারম্যান এবং মিসিসিপির প্রতিনিধি বেনি থম্পসন বলেছেন, “তাকে (ট্রাম্প) জবাবদিহি করতে হবে। তার কর্মকাণ্ডের জবাব দিতে হবে। সেদিন গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তাদের জন্য তাকে জবাবদিহি করতে হবে। ক্ষমতায় থাকার জন্য তিনি যে লাখো আমেরিকানের ভোট ছুড়ে ফেলতে চেয়েছিলেন তার জবাবও তাকে দিতেহবে।”

গত বছর ৬ জানুয়ারির সেই দিনে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলের তৎকালীন পরাজিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা ভবনটিতে হামলা চালায়।

এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন ওই তাণ্ডবে হতভম্ব হয় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত বলে বর্ণনা করেন অনেকেই।

দাঙ্গার ঘটনাকে ‘অভ্যুত্থানচেষ্টা’ বলে অভিহিত করেছেন অনেক আমেরিকান রাজনীতিবিদ। বিষয়টি নিয়ে প্রায় একবছর বেশি সময় ধরে তদন্ত করে আসছে ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) সিলেক্ট কমিটি।

ট্রাম্পকে সমন পাঠানো নিয়ে ভোটের পর প্যানেলের ডেমোক্র্যাট চেয়ারম্যান বেনি থম্পসন বলেছেন, সাবেক একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া খুবই গুরুতর ব্যাপার সেটি তিনি স্বীকার করেন। কিনতু যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকিতে আছে বলেও বেনি যুক্তি দেখিয়েছেন।

ক্যাপিটল দাঙ্গার ঘটনা নিয়ে ২০২১ সালের জুলাই এবং এবছরের শুরুর দিকে মোট আটটি শুনানির পর বৃহস্পতিবার কমিটি ট্রাম্পকে সমন জারির সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ নেয়।

তদন্তে কি পাওয়া গেল তা নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তার আগে ঘটনার চূড়ান্ত শুনানি করার প্রেক্ষাপটে কমিটি ট্রাম্পকে সমন জারি করার মত পদক্ষেপ নিতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া,৮ নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে দাঙ্গা ঘটনায় এটিই হতে পারে কমিটির নেওয়া সর্বশেষ ব্যবস্থা।