২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে পুতিন ‘অক্সিজেন’ পাওয়ার চেষ্টা করছেন: বাইডেন

রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে বৃহস্পতিবার ইউক্রেইনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট।

যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে পুতিন ‘অক্সিজেন’ পাওয়ার চেষ্টা করছেন: বাইডেন

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 06 Jan 2023, 08:59 PM

Updated : 06 Jan 2023, 11:09 PM

১০ মাসের যুদ্ধ এবং তাতে হাজারো প্রাণ খোয়ানোর পর ইউক্রেইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে সংগ্রাম করতে হচ্ছে, সেটিই তাকে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে তাড়িত করেছে। এ প্রস্তাব দিয়ে ‘পুতিন কিছুটা অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন’ বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্রেমলিন বলেছে, শুক্রবার রাশিয়ার সময় মধ্যদুপুর থেকে পুতিন যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ইউক্রেইনে ৩৬ ঘণ্টার এই যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন।

তবে ইউক্রেইন যুদ্ধবিরতিতে যাবে না বলে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। তারা বলেছে, ইউক্রেইনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনও যুদ্ধবিরতি নয়।

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বাইডেন সাংবাদিকদের বলেন, পুতিনের বলা কোনওকিছু নিয়ে আমি প্রতিক্রিয়া জানাতে ইচ্ছুক নই।

এরপরই তিনি বলেন, “আমার কাছে মজার বিষয় হচ্ছে, তিনি (পুতিন) বিভিন্ন হাসপাতাল, নার্সারি এবং চার্চে হামলায় ইচ্ছুক ছিলেন…২৫ ডিসেম্বরে এমনকী নতুন বছর আগমনের সময়ও। আমার মনে হয় (যুদ্ধবিরতি দিয়ে) তিনি কিছুটা অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন।”

বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ সংকটের রাজনৈতিক সমাধানের কোনওরকম সদিচ্ছার অভাব থাকার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে।

তিনি এও বলেছেন যে, এমনকী রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি ঘোষণাকেও অক্সিজেন পাওয়ার চেষ্টা বলে অভিহিত করা হচ্ছে। এসবকিছুর মানে হচেছ, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ‘শেষ ইউক্রেনীয়টি পর্যন্ত’ লড়াই করে যাওয়ার পথ ধরেছে।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিক কোনও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন। অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। রাশিয়া এবং ইউক্রেইন উভয় দেশে অনেক অর্থোডক্স খ্রিস্টান বসবাস করে।

রাশিয়ার বিশপ প্যাট্রিয়ার্ক কিরিল বৃহস্পতিবার সকালে ইউক্রেইন যুদ্ধের উভয় পক্ষকে ক্রিসমাসে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন।

বৃহস্পতিবার পুতিন তার নির্দেশে বলেন, ‘‘মহাপবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদনকে বিবেচনায় নিয়ে আমি রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিচ্ছি যেন ইউক্রেইনের সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ার সময় ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়।”