২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝ আকাশে দুর্যোগে হেলিকপ্টার, পা-কোমরে চোট মমতার

পায়ের ও কোমরের লিগামেন্টে চোট পাওয়া মমতাকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তিনি রাজি হননি।

মাঝ আকাশে দুর্যোগে হেলিকপ্টার, পা-কোমরে চোট মমতার

ছবি: আনন্দবাজার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 08:44 PM

Updated : 28 Jun 2023, 12:20 AM

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী হেলিকপ্টার মঙ্গলবার মাঝ আকাশে প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে জরুরি অবতরণ করে। ঘটনার সময় পায়ে ও কোমরে চোট পাওয়ায় মমতাকে যেতে হয় হাসপাতালে।

চিকিৎসকদের বরাত দিয়ে কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, মুখ্যমন্ত্রী মমতার বাম হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। চোট রয়েছে তার বাম দিকে হিপ জয়েন্টের লিগামেন্টেও।

চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি মমতা। তিনি বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ মত চলার কথা বলেছেন।

মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকেই মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজারের খবরে আরো বলা হয়, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স থাকলেও মমতা নিজের গাড়িতে করেই হাসপাতালে যান। গাড়ি থেকে নেমে হাসপাতালে যাওয়ার সময় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ির ‍মালবাজারে গিয়েছিলেন মমতা।

প্রচার শেষে জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে করে তিনি বাগডোগরায় যাচ্ছিলেন।

হেলিকপ্টার যখন বৈকণ্ঠপুরের আকাশে তখন প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। নিচে জঙ্গল থাকায় পাইলট সেখানে নামতে পারেননি।

তিনি হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে শিলিগুড়ির দিকে রওয়ানা হন এবং শেষ পর্যন্ত শালুগড়ার কাছে সেবক বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেন।

পরে সেখান থেকে পুলিশি পাহারায় সড়ক পথে মমতা বাগডোগরায় যান এবং বাগডোগরা থেকে উড়োজাহাজে কলকাতায় ফেরেন।