নেদারল্যান্ডস থেকে পানামায় ফিরল ঐতিহ্যবাহী তিন শতাধিক শিল্পকর্ম
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জোর প্রচেষ্টার বদৌলতে পানামা এসব ঐতিহ্যবাহী শিল্পকর্ম ফেরত পেয়েছে।
নেদারল্যান্ডস তাদের কাছে থাকা প্রাক-হিস্পানিক যুগের ৩৪৩টি সিরামিকের শিল্পকর্ম মধ্য আমেরিকার দেশ পানামাকে ফিরিয়ে দিয়েছে।
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জোর প্রচেষ্টার বদৌলতে পানামা এসব ঐতিহ্যবাহী শিল্পকর্ম ফেরত পেয়েছে বলে সোমবার পানামা সিটি কর্তৃপক্ষ জানিয়েছে।
“মধ্য আমেরিকার ইতিহাসে এটাই শিল্পকর্মের সবচেয়ে বড় প্রত্যাবর্তন,” সরকারি এক বিবৃতিতে এমনটাই বলেছেন পানামার পররাষ্ট্রমন্ত্রী এরিকা ময়েনস, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইতালি থেকে প্রাচীন শিল্পকর্মের আরেকটি চালানও পানামায় ফিরছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়; অবশ্য এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।
পানামার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং বেআইনি পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই এসব শিল্পকর্ম ফিরছে জানালেও সেগুলো কীভাবে পানামার বাইরে গিয়েছিল, তার কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি জানিয়েছে, নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ে সিরামিকের ওই শিল্পকর্মগুলোর সন্ধান পান দেশটিতে নিযুক্ত পানামার রাষ্ট্রদূত, পরে বিশ্ববিদ্যালয়টি সেগুলো ফিরিয়ে দেওয়ার আগ্রহ ব্যক্ত করে।
তারা আরও জানায়, পানামায় ফেরত আসা শিল্পকর্মগুলোর স্থায়ী তত্ত্বাবধায়ক হবে দেশের সংস্কৃতি মন্ত্রণালয়; অন্য অনেক ঐতিহ্যবাহী শিল্পকর্মের সঙ্গে রাজধানীর রেইনা তোরেস দে আরাউজ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সেগুলো প্রদর্শিত হবে।
সাংস্কৃতিক সম্পদের বেআইনি বেচাকেনার বিরুদ্ধে ১৯৭০ সালে হওয়া কনভেনশনের সদস্য পানামা।
