২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-পুতিন চিঠি বিনিময়, সম্পর্ক সম্প্রসারণের অঙ্গীকার

দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের অঙ্গীকার এবং সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করে একে অপরকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

কিম-পুতিন চিঠি বিনিময়, সম্পর্ক সম্প্রসারণের অঙ্গীকার

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 15 Aug 2022, 05:49 PM

Updated : 15 Aug 2022, 05:49 PM

কোরিয়ার স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের অঙ্গীকার করে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওদিকে, কিমও দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করে চিঠি লিখেছেন পুতিনকে।

রুশ প্রেসিডেন্ট পুতিন তার চিঠিতে কিম জং–উনকে বলেছেন, দুই দেশ যৌথ প্রচেষ্টায় ব্যাপকভিত্তিক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কে প্রসার ঘটাবে। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

তিনি বলেন, দু’দেশের স্বার্থেই ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। এ সম্পর্ক কোরিয়া উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে।

ওদিকে, পুতিনকে লেখা চিঠিতে কিম জং উন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল।

কোরিয়া উপদ্বীপ তখন জাপানের দখলে ছিল। চিঠিতে কিম আরও বলেন, এরপর থেকে দু’দেশের মধ্যে ‘কৌশলগত ও পরিকল্পিত সহযোগিতা, সমর্থন ও সংহতি’ নতুন স্তরে পৌঁছেছে, যা বৈরি সামরিক শক্তির হুমকি ও উস্কানিকে ব্যর্থ করে দিতে উভয় দেশের যৌথ প্রচেষ্টার অংশ।

কেসিএনএ-এর প্রতিবেদনে বৈরি সামরিক শক্তি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বোঝাতে দেশটি সাধারণত এই ভাষা ব্যবহার করে থাকে।

কিম তার চিঠিতে পুতিনের সঙ্গে ২০১৯ সালে সাক্ষাতের সময় সইহওয়া চুক্তির ভিত্তিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

পূর্ব ইউক্রেইনের রাশিয়া–সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী ‘পিপলস রিপাবলিককে’ জুলাইয়ে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। এর ফলে কর্মকর্তারা এসব এলাকায় নির্মাণ ও অন্যান্য কাজে সহায়তা করতে উত্তর কোরিয়ার শ্রমিকদের পাঠানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন।

‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর দোহাই দিয়ে রাশিয়ার শুরু করা আগ্রাসন মোকাবেলায় লড়ছে ইউক্রেইন। দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেইন।