সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ৪০ বিদেশি গ্রেপ্তার, জানাল ইরান
তেহরান শুরু থেকেই নীতি পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া তুমুল বিক্ষোভের জন্য ‘বিদেশি শত্রুদের’ দায়ী করে আসছে।
ইরানজুড়ে গত কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ৪০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তেহরান শুরু থেকেই নীতি পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া তুমুল বিক্ষোভের জন্য ‘বিদেশি শত্রুদের’ দায়ী করে আসছে।
মাশা আমিনি নামের ২২ বছর বয়সী ওই কুর্দি তরুণীকে ‘শালীন’ পোশাক না পরার অভিযোগে গ্রেপ্তারের কয়েকদিন পর পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়।
ইরানে নারীদের জন্য কঠোর পোশাক বিধান রয়েছে; সেটা ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব তাদের নীতি পুলিশের।
মাশার মৃত্যু ইরানজুড়ে তীব্র বিক্ষোভের জন্ম দেয়; পরে ওই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
“বিক্ষোভে জড়িত থাকায় এখন পর্যন্ত ৪০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে,” টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে বলেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি।
সংখ্যা বললেও, ওই বিদেশিদের জাতীয়তা প্রকাশ করেননি তিনি।
সেপ্টেম্বরে তেহরান বিক্ষোভে জড়িত থাকার দায়ে ৯ ইউরোপীয়কে গ্রেপ্তারের কথা জানিয়েছিল।
ইরানি শাসকদের ভাষ্য, বিদেশি শত্রু এবং তাদের এজেন্টরাই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিক্ষোভ উসকে দিয়েছে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শাসকদের এখন পর্যন্ত যত কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এবারের বিক্ষোভকে তার অন্যতম বলা হচ্ছে।
বিক্ষোভে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারী মিলিয়ে আড়াইশর বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
