২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় কে-ড্রামা দেখার জন্য দুই কিশোরের সাজার বিরল ফুটেজ

দক্ষিণ কোরিয়ার টিভিসহ কোনওরকম বিনোদোনমূলক অনুষ্ঠান দেখা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। তারপরও কেউ কেউ কোরিয়ান ড্রামা দেখে শাস্তি পাওয়ার ঝুঁকি নেয়।

উত্তর কোরিয়ায় কে-ড্রামা দেখার জন্য দুই কিশোরের সাজার বিরল ফুটেজ

ছবি: বিবিসি ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 09:52 PM

Updated : 18 Jan 2024, 09:59 PM

বিবিসি কোরিয়ান শো’র হাতে পাওয়া বিরল এক ফুটেজে উত্তর কোরিয়ায় কে-ড্রামা (দক্ষিণ কোরিয়ায় তৈরি কোরিয়ান নাটক) দেখার জন্য ২ কিশোরকে ১২ বছরের কঠোর পরিশ্রমের সাজা দিতে দেখা গেছে।

২০২২ সালে এই ফুটেজটি ধারণ করা হয় বলে মনে করা হচ্ছে। তাতে দেখা গেছে, একটি আউটডোর স্টেডিয়ামে শত শত শিক্ষার্থীর সামনে ১৬ বছরের দুই কিশোরের হাতে হাতকড়া পরানো হচ্ছে।

ইউনিফর্ম পরা কর্মকর্তাদেরকে ওই দুই কিশোরকে তাদের ভুলের জন্য গভীর অনুতাপ প্রকাশ না করার জন্য তিরস্কারও করতে দেখা যায় ফুটেজে।

দক্ষিণ কোরিয়ার টিভিসহ কোনওরকম বিনোদোনমূলক অনুষ্ঠান দেখা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। তারপরও কেউ কেউ কে ড্রামা দেখে শাস্তি পাওয়ার ঝুঁকি নেয়। বিশ্বে কে-ড্রামা বা কোরিয়ান নাটকগুলোর বিপুল জনপ্রিয়তা আছে।

উত্তর কোরিয়ায় কে-ড্রামা দেখার জন্য কিশোরদের সাজা দেওয়ার ভিডিও পাওয়া খুবই বিরল। কারণ, উত্তর কোরিয়ায় ছবি,ভিডিও সবই নিষিদ্ধ। দেশটিতে জনজীবনের প্রামাণিক কোনওকিছু বহির্বিশ্বে ফাঁস হওয়া মানা।

বিবিসি-কে দুই কিশোরের সাজা হওয়ার ভিডিও ফুটেজ দিয়েছে সাউথ অ্যান্ড নর্থ ডেভেলপমেন্ট (স্যান্ড) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান উত্তর কোরিয়া পক্ষত্যাগ করা মানুষদের নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি বলেছে, উত্তর কোরিয়া কর্তৃপক্ষ এখন কে-ড্রামা দেখার মতো বিষয়গুলোতে অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়ায় আদর্শ শিক্ষার জন্য এবং নাগরিকদেরকে অধঃপতনে যাওয়া রেকর্ডিং না দেখার ব্যাপারে সতর্ক করতে এই ভিডিও ক্লিপ বিতরণ করা হয়েছিল বলে জানা গেছে।

ভিডিওতে এক ভাষ্যকার রাষ্ট্রীয় প্রচার চালিয়ে বলছিলেন, “পচে যাওয়া পুতুল শাসকগোষ্ঠীর সংস্কৃতি এমনকি কিশোর বয়সীদের মধ্যেও ছড়িয়ে গেছে। তাদের বয়স মাত্র ১৬ বছর। কিন্তু তারা তাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলেছে।” দৃশ্যত দক্ষিণ কোরিয়ার দিকে ইঙ্গিত করেই কথাগুলো বলা হচ্ছিল।

কর্মকর্তারা কিশোরদের নাম বলেন এবং তাদের ঠিকানাও জানিয়ে দেন। অতীতে অপ্রাপ্তবয়স্করা এভাবে আইন ভঙ্গ করলে তাদেরকে জেলে না পাঠিয়ে বরং যুব শ্রম শিবিরে পাঠানো হত এবং সাজা সাধারণত পাঁচ বছরের কম হত।

২০২০ সালে উত্তর কোরিয়া নতুন একটি আইন চালু করেছে। যার আওতায় দক্ষিণ কোরিয়ার বিনোদোনমূলক কিছু দেখলে বা এমন কিছু বিতরণ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার গান শোনা এবং সিনেমা বন্ধুর সঙ্গে শেয়ার করার জন্য গুলিতে ২২ বছরের এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে বাধ্য হওয়ার কথা বিবিসি-কে এর আগে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা এক ব্যক্তি।

গবেষণা প্রতিষ্ঠান সাউথ অ্যান্ড নর্থ ডেভেলপমেন্ট এর নির্বাহী কর্মকর্তা বলেছেন, চোই কিয়ং-হুই বলেছেন, পিয়ংইয়ং কে-ড্রামা এবং কে-পপের বিস্তারকে তাদের আদর্শের জন্য বিপজ্জনক মনে করে।

কিন্তু দক্ষিণ কোরিয়ার বিনোদোন উত্তর কোরিয়ায় পৌঁছে যায় চীন হয়ে। উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা একজন বৃহস্পতিবার বিবিসি কোরিয়ান-কে বলেন, “আমেরিকান ড্রামা দেখে আপনি ধরা পড়লে ঘুষ দিয়ে পার পাবেন, কিন্তু কোরিয়ান ড্রামা দেখলে আপনি গুলি খাবেন।”