বন্যা: পাকিস্তানকে ‘সমুদ্রের মত’ দেখাচ্ছে, বললেন শাহবাজ শরিফ
নজিরবিহীন এ দুর্যোগে সরকারি হিসাবেই মৃত্যু এক হাজার ৩৪৩ জনে পৌঁছেছে।
বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের অনেক অংশকে দেখতে এখন সমুদ্রের মতো লাগছে।
দক্ষিণ এশিয়ার এ দেশটির এক তৃতীয়াংশ এখনও পানির নিচে। বন্যায় দেশটিতে আরও ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে পাকিস্তানে নজিরবিহীন এ দুর্যোগে সরকারি হিসাবেই মৃত্যু এক হাজার ৩৪৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবারের তুমুল বর্ষণ ও বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।
কর্মকর্তাদের ধারণা, রেকর্ড বৃষ্টি-বন্যায় ২২ কোটি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানের সোয়া তিন কোটির বেশি মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত এক হাজার কোটি ডলার।
“ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বাস করতে পারবেন না আপনারা। যেদিকে চোখ যায় সেদিকেই পানি। মনে হচ্ছে যেন সমুদ্র,” দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধু পরিদর্শন শেষে গণমাধ্যমকে এমনটাই বলেছেন শাহবাজ শরিফ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ৭ হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া দেশটির সরকার বাস্তুচ্যুতদের জন্য ২ লাখ তাঁবু কিনবে বলেও জানিয়েছেন তিনি।
যেসব জায়গায় পানি নেমে যাচ্ছে, সেসব এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, বলেছেন শরিফ।
“এই বিপর্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন রুপি দরকার,” বলেছেন তিনি।
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ এরই মধ্যে ১৬ কোটি ডলার ত্রাণ সাহায্য চেয়েছে।
শেষ যে ১৮ জনের মৃত্যুর খবর এসেছে, তার মধ্যে ৮জনই শিশু বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।
টানা বর্ষণ আর উত্তরের পাহাড়ের হিমবাহ গলে এবার পাকিস্তানে এ নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে।
তবে আর দিনকেয়েকের মধ্যে সিন্ধু প্রদেশে পানি কমে যাবে বলে কর্মকর্তারা আশা করছেন, জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব।
“আমাদের এখনকার কৌশল হচ্ছে, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই গম চাষের প্রস্তুতি শুরু করা,” বলেছেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এক শীর্ষ কর্মকর্তা সামনের দিনগুলোতে পাকিস্তানে আরও বৃষ্টিপাত হলে পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন।
দেশটির বন্যাক্রান্ত এলাকাগুলোর ৬৪ লাখেরও বেশি মানুষের এখনই মানবিক সহায়তা দরকার বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে।
