২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাগশটের পর ৭১ লাখ ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচার শিবির

মগ, টি-শার্ট এবং ট্রাম্পের রাগাম্বিত মুখচ্ছবি সম্বলিত শীতল পানীয় বিকিকিনি থেকেই বেশির ভাগ অর্থ এসেছে।

মাগশটের পর ৭১ লাখ ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচার শিবির

ফুলটন কারা কর্তৃপক্ষের প্রকাশ করা মাগশটে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 11:10 PM

Updated : 27 Aug 2023, 11:12 PM

জর্জিয়া রাজ্যের আটলান্টায় কয়েদি হিসাবে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাগশট তোলার পর ৭১ লাখ ডলার সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে তার নির্বাচনী প্রচার শিবির।

মগ, টি-শার্ট এবং ট্রাম্পের রাগী মুখচ্ছবি সম্বলিত শীতল পানীয় বিকিকিনি থেকেই বেশির ভাগ অর্থ এসেছে বলে জানিয়েছে বিবিসি।

২০২০ সালের ভোটের ফল পাল্টানোর চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প গত বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। আর এর ফল হিসেবে ইতিহাসে প্রথমবারের মত কয়েদি হিসাবে তোলা কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগ শট (মুখচ্ছবি) দেখার সুযোগ হয় বিশ্বের।

ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারাভিযান চালাচ্ছেন। এর মধ্যেই তার বিরুদ্ধে ঝুলছে আরও তিনটি অভিযোগ। এগুলোর মধ্যে দুটি হচ্ছে, নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি করার অভিযোগ। আরেকটি হচ্ছে, ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে দাঙ্গা সংক্রান্ত অভিযোগ।

ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত’ বলে বর্ণনা করেছেন এবং সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে তার রাজনৈতিক ভাবমূর্তিরও কোনও ক্ষতি হয়নি, বরং দেশজুড়ে তার জনপ্রিয়তা আরো বেড়েছে। অন্তত জনমত জরিপগুলো তেমনটাই বলছে।

রিপাবলিকানদের মধ্যে মনোনয়নের দৌড়েও ট্রাম্প সামনের সারিতে আছেন। আর তার এ অবস্থান সমর্থকদের মধ্যেও গতি সঞ্চার করেছে।

এতে ২০২৪ সালের নির্বাচনী প্রচার চালানোর মধ্যে জর্জিয়া এবং ক্যাপিটলের অভিযোগ মাথায় নিয়েও ট্রাম্প তিন সপ্তাহে প্রায় ২ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে পেরেছেন।

জর্জিয়ায় গ্রেপ্তার হওয়ার পর গত শুক্রবার তাৎক্ষণিকভাবে ট্রাম্প শিবির সংগ্রহ করেছিল ৪১ লাখ ৮০ হাজার ডলার। বলা হচ্ছে, নির্বাচনী প্রচারাভিযানে ২৪ ঘণ্টায় এটিই সবচেয়ে বেশি অঙ্কের তহবিল।

এছাড়া, অনলাইন দোকান থেকে পন্য বিক্রি করে ট্রাম্প শিবির সমর্থকদের কাছে সাহায্য চেয়ে বার্তাও পাঠিয়েও অর্থ জোগাড় করছে।