হামাসের হামলার দিন নিখোঁজ জার্মান তরুণী আর ‘বেঁচে নেই’
ইসরায়েল থেকে হামাসের অপহৃত বেশ কয়েকজন জিম্মির ভিডিওচিত্র ভাইরাল হয়েছিল। সেগুলোরই একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এই তরুণীকে।
হামাস যেদিন গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সেদিন ইসরায়েলি বংশোদ্ভূত জার্মান তরুণী শানি লুক কিবুৎজ রে’ইম একটি সংগীত উৎসবে ছিলেন। যে উৎসবস্থলে রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়েছিল হামাস যোদ্ধারা।
গত ৭ অক্টোবর ভোরে গাজা থেকে মুহুর্মুহু রকেট হামলা চালানোর পর সীমান্ত বেড়া ভেঙে প্রায় এক হাজার হামাস যোদ্ধা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে গণহত্যা চালায়। হামাসের হামলার পর থেকে শানিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
কিবুৎজ রে’ইম এর মরুভূমিতে সংগীত উৎসবে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২৬০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাস। সেখান থেকে বেশ কয়েকজনকে জিম্মি করেও নিয়ে যাওয়া হয়।
হামাসের হামলার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা একটি ছোট ট্রাকের পেছনের অংশে বন্দুক হাতে উল্লাস করছে আর পটাতনে মুখ থুবড়ে পড়ে আছে এক তরুণীর লাশ।
ভিডিওতে মৃত তরুণীর মুখ দেখা না গেলেও শানি লুকের পরিবার তার চুলের বেনুনি এবং ট্যাটু দেখে তাকে চিনতে পারার কথা জানায়। যদিও সে সময় শানির মা রিকার্ডা লুক আশা প্রকাশ করে বলেছিলেন, তার বিশ্বাস তার মেয়ে বেঁচে আছে।
এতদিনে জানা গেছে, রিকার্ডা লুকের বিশ্বাস সত্যি হয়নি, মারা গেছেন তার মেয়ে শানি। রিকার্ডা নিজেই সে খবর জার্মান সংবাদমাধ্যমকে জানিয়েছেন বলে জানায় বিবিসি।
সোমবার জার্মান টিভি নিউজ চ্যানেল আরটিএল/এনটিভিকে তিনি বলেন, ইসরায়েলের সেনাবাহিনী তাকে জানিয়েছে যে তারা মাথার খুলির হাড়ের একটু টুকরোর ডিএনএ পরীক্ষা করে সেটি শানির বলে নিশ্চিত হয়।
যদিও শানির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী মাথার খুলির হাড়টি কোথায় খুঁজে পেয়েছে সে বিষয়েও এখনো কোনও তথ্য পাওয়া যায়নি।
শানির বোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ বছরের এ তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সোমবার আদি লুক ইন্সটাগ্রামে এক পোস্টে লেখেন, শানি ‘রে’ইম এ হওয়া হত্যাযজ্ঞে’ নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হালায় ইসরায়েলে ১৪শ’র বেশি মানুষ নিহত হয়। ধরে নিয়ে যাওয়া হয় ২২৯ জনকে। প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোবার পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
