২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘অটল সেতু’।

ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 10:23 PM

Updated : 12 Jan 2024, 10:23 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে মহারাষ্ট্র সফরে গিয়ে সমুদ্রের ওপর নির্মিত দীর্ঘতম সেতু উদ্বোধন করেছেন।

৬ লেন চওড়া এই সেতুটির দৈর্ঘ ২১ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে ১৬ দশমিক ৫ কিলোমিটার গেছে সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫ দশমিক ৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে চলে গেছে।

সেতুটি ‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল) নামে পরিচিত হলেও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘অটল সেতু’।

এনডিটিভি জানায়, এই সেতু নির্মাণ করতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি।শনিবার সকাল থেকেই সেতুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

Image

ছবি: রয়টার্স।

এ সেতু দক্ষিণ মুম্বাইকে নবি মুম্বাইয়ের সঙ্গে সংযুক্ত করেছে। সেতুটির বিশেষত্ব হল, এতে দু’ঘন্টার রাস্তা অতিক্রম করা যাবে মাত্র ১৫-২০ মিনিটে। পাশাপাশি মুম্বাই থেকে পুণে, গোয়া ও দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ভ্রমণের সময়ও কমবে।

নবনির্মিত এ সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "উন্নত ভারত কী রকম দেখতে হতে চলেছে, এই সেতুই তার একটি ঝলক।"

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৬ সালের ডিসেম্বরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ভারতের স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সেতুটির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়।

Image

ছবি: রয়টার্স।

ঝড়ের গতিবেগ এবং ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহ্য করে যাতে টিকে থাকতে পারে, সেজন্য বিশেষ নকশায় তৈরি করা হয়েছে সেতুটি। বজ্রপাতের হাত থেকেও যাতে সেতু রক্ষা পায় সেজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রতিদিন ৭০ হাজারের বেশি যানবাহনের ভার বহন করতে পারবে এই সেতু। তবে, সেতুটিতে বাইক, অটোরিকশা এবং ট্র্যাক্টর চলাচলে অনুমতি দেওয়া হবে না। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেশি স্পিডে গাড়ি চালানোর উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

প্রতি দিন নবি মুম্বাই থেকে মুম্বাইয়ে চাকরি, পড়াশোনার জন্য প্রচুর মানুষ যাতায়াত করে। যানজটের কারণে সড়কপথ এড়িয়ে চলত অনেকেই। ট্রেনের উপরই ভরসা করত মানুষ। অটল সেতুর কারণে নিত্যযাত্রীদের সুবিধা হবে। শুধু সময় নয়, খরচও বাঁচবে। বাঁচবে জ্বালানি।

Image

ছবি: রয়টার্স।

তবে এই সেতুতে যাতায়াতে বড় অঙ্কের টোলও দিতে হবে। একটি গাড়িকে সেতু দিয়ে এক বার যেতে ২৫০ রূপি টোল দিতে হবে। একই দিনে ফিরতে গেলে আরও কিছুটা বেশি টোল দিতে হবে। মহারাষ্ট্র রাজ্য সরকার এ প্রস্তাব পাস করেছে।