সাইয়ের যুক্তরাষ্ট্র সফর: তাইওয়ান ঘিরে চীনের যুদ্ধজাহাজ
ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। তার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফরে যান সাই।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের স্বাগত জানানোর প্রতিক্রিয়ায় দ্বীপটির চারপাশের সাগরে সামরিক মহড়া শুরু করেছে চীন।
বুধবার ক্যালিফোর্নিয়ায় সাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। এর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফরে যান সাই। সেখানে নিউ ইয়র্কে তাকে লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।
বুধবারের বৈঠকে সাই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ‘শক্তিশালী ও অনন্য অংশীদারিত্বের’ প্রশংসা করেন। অন্যদিকে, ম্যাকার্থি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে বলে জানান।
এ দুই নেতার বৈঠকের বিরুদ্ধে ‘কড়া প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিজ্ঞা করেছে বেইজিং। তারা তাইওয়ানের চারপাশের সমুদ্রে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে জানায় বিবিসি।
নানা কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা দিন দিন বাড়ছেই। ঠিক এ সময়ে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে তাই কোনোভাবেই কাকতালীয় বলা যায় না। বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দ্বীপটির প্রতি তাদের সমর্থন আরও জোরালো এবং খোলাখুলিভাবে প্রদর্শন করছে।
যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি উভয়ই তাইওয়ানের প্রতি নিজেদের সমর্থন প্রদর্শনে রীতিমত প্রতিযোগিতায় নেমেছে।
গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ঐতিহাসিক এক সফরে তাইপে গিয়েছিলেন। যার বিরুদ্ধে মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন।
তাইওয়ান ঘিরে দেশটি নজিরবিহীন সামরিক মহড়া চালায়। যা ওই অঞ্চলে যুদ্ধ উত্তেজনার সৃষ্টি করেছিল। আলোচনা হচ্ছিল, চীন যে কোনো সময় তাইওয়ানে আগ্রাসন শুরু করতে যাচ্ছে।
তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনও দ্বীপটিকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় একত্রিত হবে।
তাইওয়ানের কারণেই চীন তাদের পররাষ্ট্রনীতির বেলায় ওয়ান চায়না পলিসি বা এক চীন নীতি অনুসরণ করে।
যুক্তরাষ্ট্র ও চীনের শত্রুতার প্রধান কারণগুলোর একটি তাইওয়ান। প্রেসিডেন্ট সাইয়ের যুক্তরাষ্ট্র সফর নিয়ে তাইওয়ানে দ্য আমেরিকান ইন্সটিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক উইলিয়াম স্ট্যানটন বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে পেলোসির সফরের একেবারে বিরোধী ছিলাম।
‘‘যুক্তরাষ্ট্র থেকে শীর্ষ পর্যায়ের কোনো নেতার তাইওয়ানে আসার অর্থ বড় কোনও অর্জন ছাড়ই শুধুমাত্র চীনকে খোঁচা দেওয়া। এর এর ফলাফল খুবই আতঙ্কজনক হয়েছিল।”
পেলোসির তাইওয়ান সফরের পর চীনের একের পর এক ক্ষেপণাস্ত্র তাইওয়ানের উপর দিয়ে উড়ে গেছে। বেইজিং রক্তহীম করা হুমকি দিয়েছিল। চীন যে কোনো সময় তাইওয়ানে আগ্রাসন শুরু করতে পারে, আশেপাশের দেশগুলোর সরকারের মধ্যে এ ধরনের আলোচনাও শুরু হয়ে গিয়েছিল।
তারপরও রিপাবলিকান নেতা ম্যাকার্থি এই জানুয়ারিতে হাউজ স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই ঘোষণা দেন, তিনিও তাইওয়ানের বেলায় পেলোসির পদাঙ্ক অনুসরণ করবেন।
তবে প্রেসিডেন্ট সাইয়ের কাছে এটা সঠিক পরিকল্পনা মনে হয়নি, বলেন অধ্যাপক স্ট্যানটন।
‘‘আমার মনে হয় এটি বেশ পরিষ্কারই যে, কেভিন ম্যাককার্থিও তার পূর্বসুরী পেলোসির মত (তাইওয়ান সফরে) আসতে চেয়েছিলেন।
‘‘কিন্তু সাই ইং-ওয়েন বলেছেন, ‘না, ধন্যবাদ। বরং আমরা ক্যালিফোর্নিয়ায় বসে একসঙ্গে চা খেলে কেমন হয়’।”
এর কারণ, সম্ভবত প্রেসিডেন্ট সাই এখনই যুক্তরাষ্ট্রের আর কোনো শীর্ষ নেতার বিতর্কিত তাইওয়ান সফর চাইছেন না। তবে তিনি একইসঙ্গে এটাও দেখাতে চাইছেন যে, তাইপের সঙ্গে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র ওয়াশিংটনের সম্পর্ক ছিন্ন করার কোনো চেষ্টাই সফল হবে না।
এবং এ কারণেই তার ক্যালিফোর্নিয়ায় যাওয়া।ম্যাকার্থি তাদের এই বৈঠককে খাটো করে না দেখে বরং ‘দ্বিপাক্ষিক’ বলেছেন।
অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, তাইওয়ান প্রশ্নে ওয়াশিংটন ‘আগুন নিয়ে খেলছে’।
