২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ছোট্ট বিমান বিধ্বস্ত, নিহত ৬

দুর্গম পার্বত্য এলাকা হওয়ার কারণে বিমানের পাইলট এবং যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা খুবই কঠিন ছিল, বলছে পুলিশ।

কানাডায় ছোট্ট বিমান বিধ্বস্ত, নিহত ৬

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 30 Jul 2023, 12:50 PM

Updated : 30 Jul 2023, 12:50 PM

কানাডার অ্যালবার্টায় ক্যালগারি শহরের পশ্চিমে কেনানাস্কিস কাউন্টিতে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশ বলছে, পাঁচ যাত্রী আর একজন পাইলট নিয়ে বিমানটি ক্যালগারির কাছে শুক্রবার রাতে স্প্রিংব্যাংক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মে যাওয়ার পথে ছিল।

এ সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির খোঁজে নামে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স (আরসিএএফ)।

বিমান বাহিনীর এই সেনারা বিমান বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পায় এবং অ্যালবার্টা পার্কস মাউনটেইন উদ্ধারকারী দলের সহায়তায় আরোহীদের সন্ধান শুরু করে।

পরে আরসিএমপি পুলিশ সদস্য রায়াল সিঙ্গেলটোন জানান, বিমানের ৬ আরোহীই মারা গেছে। তবে মারা যাওয়াদের নাম জানাননি তিনি।

দুর্গম পার্বত্য এলাকা হওয়ার কারণে বিমানের পাইলট এবং যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা খুবই কঠিন ছিল। তবে সব লাশই ঠিকমত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গেলটোন।

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এ বিমান দুর্ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।