২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে নরওয়ে

কূটনৈতিক অবস্থানের আড়ালে এই রুশরা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন, বলছে নরওয়ে।

১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে নরওয়ে

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 14 Apr 2023, 09:31 PM

Updated : 14 Apr 2023, 09:31 PM

১৫ জন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ সপ্তাহে বহিষ্কার করেছে নরওয়ে। এই কূটনীতিকরা অসলোয় রাশিয়ার কনস্যুলেট, দূতাবাস ও বাণিজ্য সেকশনে কাজ করতেন।

নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিস (পিএসটি) এর প্রধান হগল্যান্ড শুক্রবার বলেছেন, এই কূটনীতিকদেরকে আদতে নিয়োগ করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ, এফএসবি এবং এসভিআর।

কূটনৈতিক পরিচয়ের আড়ালে তারা বিভিন্ন সূত্রকে দলে ভেড়ানো, যোগাযোগে আড়িপাতা এবং অত্যাধুনিক প্রযুক্তি কেনার চেষ্টায় ছিলেন।

এই কূটনীতিকদেরকে বহিস্কারের বিষয়ে পিএসটি নিরাপত্তা পুলিশ প্রধান হগল্যান্ড বলেন, “কূটনৈতিক পরিচয়ের আড়ালে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাদের সংখ্যা স্থায়ীভাবে কমানোর মধ্য দিয়ে নরওয়েতে রাশিয়ার গোয়েন্দা হুমকি কমল।”

নরওয়ে থেকে এত বেশি সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের সবচেয়ে বড় ঘটনা এটি। তাছাড়া, রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর একে পর এক রুশ রুশকূটনীতিক বাহিষ্কারের ধারাবাহিকতায়ও এটি সর্বশেষ ঘটনা।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা প্রায় ৪০ জন রুশ কূটনীতিকের এক-তৃতীয়াংশকেই এ পদক্ষেপের মধ্য দিয়ে সরিয়ে দেওয়া হল।

পিএসটি পুলিশ প্রধান হগল্যান্ড বলেন, বহিষ্কার হওয়া রুশ কূটনীতিকদের একজন রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অত্যাধুনিক সমুদ্রগর্ভস্থ প্রযুক্তি কেনার চেষ্টা চালিয়েছিলেন।

রাশিয়ার গোয়েন্দারা বিশেষত নরওয়ের প্রতিরক্ষা খাতের বিষয়ে জানতে আগ্রহী। ইউক্রেইনকে নরওয়ের দেওয়া সামরিক সহায়তার বিষয়েও রাশিয়া জানতে চায়।

সেইসঙ্গে আছে নরওয়ের তেল এবং গ্যাস খাতও। কারণ, দেশটি এখন ইউরোপে সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ, বলেন নরওয়ের পিএসটি সুপারিন্টেনডেন্ট ড্যাগ রোয়েজেল।