২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে ‘বিপজ্জনক সঙ্কেত’ দিচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

দ্বীপটিকে ঘিরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এমনটা বলার পর এ অভিযোগ করেছে চীন।

তাইওয়ান নিয়ে ‘বিপজ্জনক সঙ্কেত’ দিচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে বৈঠক হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 04:25 PM

Updated : 24 Sep 2022, 04:25 PM

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুবই ভুল, বিপজ্জনক সঙ্কেত’ দিচ্ছে বলে অভিযোগ করেছে চীন।

স্বশাসিত দ্বীপটিকে ঘিরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এমনটা বলার পর এ অভিযোগ করেছে চীন।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার ব্লিনকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে দেড় ঘণ্টার ‘খোলামেলা ও আন্তরিক’ আলোচনায় তাইওয়ানই মূল প্রসঙ্গ ছিল বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

“আমাদের দিক থেকে মন্ত্রী এটা স্পষ্ট করেছেন যে, আমাদের এক চীন নীতি বদলায়নি, ওই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাইওয়ান প্রণালীর আশপাশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ,” মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই বৈঠকের প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে ‘খুবই ভুল, বিপজ্জনক সঙ্কেত’ দিচ্ছে; আর তাইওয়ানের স্বাধীনতার তৎপরতা যত বাড়বে, এ নিয়ে শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও তত কমবে।

“তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এই সংকটের সমাধানে কী পদ্ধতি ব্যবহার করা হবে সে বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই,” বিবৃতিতে ওয়াই ই-কে উদ্ধৃত করে এমনটি বলা হয়েছে।

অগাস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর এবং স্বশাসিত দ্বীপটির সুরক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকার তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের তিক্ততা বাড়িয়েছে।

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় চীন পরে তাইওয়ানের আশপাশে বড়সড় সামরিক মহড়া চালায়।

দ্বীপটির সুরক্ষায় মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতিকে এ বিষয়ে এখন পর্যন্ত বাইডেনের সবচেয়ে ম্পষ্ট অবস্থান বলা হচ্ছে।

তাইওয়ানে আক্রমণ হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিক্রিয়া দেখাবে কিনা, এ বিষয়ে এতদিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র, বাইডেন যে তার বাইরে যেতে চান সাম্প্রতিক মন্তব্যেই তার ইঙ্গিত আছে।

তবে হোয়াইট হাউস বলছে, তাদের তাইওয়ান নীতির কোনো পরিবর্তন হয়নি। আর চীন বলছে, যারা তাইওয়ানের স্বাধীনতা চায় বাইডেনের মন্তব্য তাদেরকে ‘ভুল সঙ্কেত’ পাঠাচ্ছে।

জুলাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছিলেন, “যে আগুন নিয়ে খেলবে, আগুনে সেই ধ্বংস হয়ে যাবে।”

চীন তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার অঙ্গীকারও আছে তাদের। এজন্য প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয় না তারা।

অন্যদিকে তাইওয়ানের সরকার স্বশাসিত দ্বীপটির ওপর চীনের সার্বভৌমত্বের দাবিতে কড়া আপত্তি জানিয়ে আসছে; কেবল দ্বীপটির সোয়া দুই কোটি বাসিন্দাই এর ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, বলছে তারা।

ব্লিনকেন ও ওয়াই ই-র বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের ‘সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড’ তাইওয়ান উপকূলকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এবং চীন আন্তর্জাতিক মহলকে ‘বাস্তবতার বিপরীত যুক্তি ও সমালোচনা দিয়ে বিভ্রান্ত করার’ চেষ্টা করছে।

চীন যদি রাশিয়ার ইউক্রেইন অভিযানে বস্তুগত কোনো সহায়তা দেয় কিংবা তাদের ওপর দেওয়া ব্যাপক নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে সাহায্য করে সেক্ষেত্রে ‘তার প্রভাব’ নিয়েও ব্রিনকেন আলোকপাত করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

অতীতে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, চীন রাশিয়াকে এ ধরনের সহায়তা করছে, এমন কোনো ধরনের প্রমাণ মেলেনি।

“ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের প্রভাব মোকাবেলায় কাজ করতে এবং রাশিয়াকে আরও উসকানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র, চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বলে জোর দিয়ে বলেছেন ব্লিনকেন,” বলেছেন ওই মার্কিন কর্মকর্তা।