২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ দিতে পারে চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। তারা প্রাণঘাতী অস্ত্রও সরবরাহ করতে পারে- বলেছেন অ্যান্টনি ব্লিনকেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 10:19 PM

Updated : 19 Feb 2023, 10:19 PM

ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন একথা জানিয়েছেন।

সিবিএস নিউজ-কে তিনি বলেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। আর নতুন তথ্যে জানা যাচ্ছে, বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।

রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে সতর্ক করেছেন অ্যান্টনি ব্লিনকেন।

রাশিয়া সামরিক সরঞ্জাম সরবরাহের অনুরোধ জানিয়েছে- এমন খবর চীন অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র। চীন এখনও রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের নিন্দা জানায়নি। এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর সিবিএস নিউজের সঙ্গে কথা বলেন। ব্লিনকেন জানান, বৈঠকে রাশিয়াকে চীনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

“আজ পর্যন্ত আমরা চীনা কোম্পানিগুলোকে ইউক্রেইনে ব্যবহারের জন্য রাশিয়াকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র সরবরাহ করতে দেখেছি। এখন আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমাদের এখনকার উদ্বেগ হচ্ছে, তারা প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে,” বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তবে চীনের এই পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী তথ্য পেয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ব্লিনকেন। চীন রাশিয়াকে কী কী দিতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে অস্ত্র ও গোলাবারুদ দেওয়া হতে পারে।

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপকে স্যাটেলাইটে ধারণ করা ইউক্রেইনের ছবি সরবরাহের অভিযোগে চীনের একটি কোম্পানির ওপর এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ব্লিনকেন সিবিএস নিউজকে বলেন, চীনে বেসরকারি কোম্পানি ও রাষ্ট্রের মধ্যে আদতে কোনও তফাত নেই। চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে তা “আমাদের জন্য এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করবে।”

গত ৪ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনা বেলুন গুলি করে নামানোর পর থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি হয়েছে। ঘটনাটি নিয়ে দু’পক্ষই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে দুই পক্ষই ঘটনাটি নিয়ে বিব্রত এবং সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক বলে প্রতীয়মান হয়েছে।

কিন্তু চীন ইউক্রেইনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে যেতে পারে।