২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর

কয়েক বছরের তুমুল বিতর্কের পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি জাতীয় টিভিতে এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সমকামে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:27 PM

Updated : 21 Aug 2022, 09:27 PM

সমকাম নিষিদ্ধ আইন তুলে দিয়ে একে বৈধতা দিতে চলেছে সিঙ্গাপুর। কয়েক বছরের তুমুল বিতর্কের পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতীয় টিভিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সিঙ্গাপুরের এলজিবিটি (নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী) অধিকার কর্মীরা একে ‘মানবতার জয়’ বলে প্রশংসা করেছে।

বিবিসি জানায়, সিঙ্গাপুর রক্ষণশীল সামাজিক দেশ হিসাবেই পরিচিত। দেশটিতে দণ্ডবিধি ‘৩৭৭এ' অনুযায়ী পুরুষ সমকাম নিষিদ্ধ।

কিন্তু সম্প্রতি কয়েক বছরে ঔপনিবেশিক-যুগের ওই ‘৩৭৭এ’ আইন বিলুপ্তের দাবি ক্রমেই জোরাল হয়েছে।

সিঙ্গাপুর সরকার এর আগে এ আইন রাখতেই চেয়েছে। তবে আইনটি জোর করে কারও ওপর চাপিয়ে না দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল তারা, যাতে দুপক্ষেরই সন্তুষ্টি বজায় থাকে।

কিন্তু রোববার রাতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেছেন, তারা আইনটি বাতিল করবেন। কারণ, তিনি মনে করেন “এটি করাটাই ঠিক এবং সিঙ্গাপুরবাসীদের বেশিরভাগই তা মেনে নেবেন।”

তিনি আরও বলেন, “পুরুষ সমকামীরা এখন সমাজে ভালভাবেই সমাদৃত হচ্ছে। তাই ৩৭৭এ তুলে দিলে দেশের আইন বর্তমান সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আর সিঙ্গাপুরের সমকামী পুরুষরাও কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছি।”

Image

ছবি; রয়টার্স