২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেটা থুনর্বাগকে সুইডিশ আদালতের জরিমানা

গত মাসে সুইডেনের মালমো বন্দরে ঢোকার মুখে টানা অবস্থান নিয়ে তেলের ট্যাংকার প্রবেশে বাধা দিয়ে বন্দর অবরোধ করেছিলেন এই পরিবেশকর্মী।

গ্রেটা থুনর্বাগকে সুইডিশ আদালতের জরিমানা

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 09:14 PM

Updated : 24 Jul 2023, 09:14 PM

‘পুলিশের নির্দেশ অমান্য করে’ বিক্ষোভ করায় সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনর্বাগকে দোষীসাব্যস্ত করে সোমবার আড়াই হাজার সুইডিশ ক্রোন জরিমানা করেছে আদালত।

গত মাসে একদল তরুণ পরিবেশকর্মী সুইডেনের মালমো বন্দরে ঢোকার মুখে টানা অবস্থান নিয়ে বন্দরে তেলের ট্যাংকার প্রবেশে বাধা দেয়।

বিক্ষোভকারী পরিবেশকর্মীদের সঙ্গে থুনবার্গও ছিলেন। টানা ছয়দিন ধরে ওই বিক্ষোভ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ জোর করে তাদের সরিয়ে দেয়।

মালমোর আদালত অবরোধের ওই ঘটনাতেই গ্রেটাকে দোষী সাব্যস্ত করে তাকে জরিমানা করেছে। 

আদালতে গ্রেটা বলেন, “আমি বিশ্বাস করি, আমরা একটি জরুরি অবস্থার মধ্যে আছি। যেটা আমাদের জীবন, স্বাস্থ্য ও সম্পদের উপর হুমকি হয়ে উঠেছে। অগণিত মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

“এটা ঠিক যে, ওই দিন সেখানে আমি ছিলাম। এবং এটাও ঠিক যে, আমাকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা আমি অমান্য করেছি। কিন্তু আমি কোনো অপরাধ করিনি।”

কিশোর বয়স থেকেই জলবায়ু আন্দোলন নিয়ে কাজ করে আসা থুনর্বাগের বয়স এখন ২০ বছর। গত জুন মাসের ওই বিক্ষোভ-সমাবেশটির আয়োজন করেছিল পরিবেশ নিয়ে কাজ করা গ্রুপ ‘টা টিলবাকা ফ্রামটিডেন’ (ভবিষ্যত পুনরুদ্ধার করুন)।

ওই সময় ইন্সটাগ্রামে এক পোস্টে থুনবার্গ লেখেন, ‘‘জলবায়ু সংকট এরইমধ্যে অগণিত মানুষের জীবন-মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

‘‘আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবো না বরং নিজেরাই জীবাশ্ম জ্বালানির অবকাঠামোগুলো বন্ধ করব।”

গ্রুপটির পক্ষ থেকে বলা হয়, “যদি আদালত আমাদের কাজ কে আপরাধ বলে গণ্য করে, তবে সেটা করতেই পারে। কিন্তু আমরা জানি আমাদের বেঁচে থাকার অধিকার আছে এবং জীবাশ্ম জ্বালানি শিল্প সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।"

একই কারণে থুনবার্গের সঙ্গে আরো দুই বিক্ষোভকারীকেও আদালতে তলব করা হয়।

যেসব কারণে জলবায়ুতে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বেড়ে যাচ্ছে তার অন্যতম হল, জীবাশ্ম জ্বালানি। প্রাক শিল্পযুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা বর্তমানে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

বিশ্বজুড়ে পরিবেশকর্মীরা তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে আন্দোলন করে যাচ্ছে। ওদিকে, অধিকাংশ তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি বলছে, তারা কেবলমাত্র বৈশ্বিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস উৎপাদন করছে।