ইউক্রেইনকে মাইক্রো ড্রোন দিচ্ছে নরওয়ে, ব্রিটেন
টেলিডাইন ফ্লিয়ার ব্ল্যাক হর্নেট ড্রোনগুলো নজরদারি ও লক্ষ্যস্থল শনাক্তকরণে ব্যবহৃত হয় বলে জানা গেছে।
নরওয়ে ও ব্রিটেন যৌথভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইনকে মাইক্রো ড্রোন সরবরাহ করবে।
বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, টেলিডাইন ফ্লিয়ার ব্ল্যাক হর্নেট ড্রোনগুলোর মূল্য ৯২ লাখ ৬০ হাজার ডলার ছাড়িয়ে যাবে।
এগুলো নজরদারি ও লক্ষ্যস্থল শনাক্তকরণে ব্যবহৃত হয় বলে জানিয়েছে তারা।
বুধবার রাশিয়ার প্রভাবাধীন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পাওয়া ইউক্রেইনের স্বাধীনতার ৩১ বছর পূর্তির দিনে দেশটিতে রুশ আক্রমণের ছয় মাস পূর্ণ হয়েছে।
২৪ অগাস্ট, বুধবার ইউক্রেইনের স্বাধীনতা দিবস। এর ঠিক ছয় মাস আগে ২৪ ফেব্রুয়ারি দেশটিতে ক্রেমলিন কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।
স্বাধীনতার দিবসের দিন রুশ বাহিনী আকাশ, ভূমি ও জলপথে আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় উদযাপন সীমিত করেছে ইউক্রেইন।
ছয় মাস ধরে চলা ইউক্রেইনের যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে, যুদ্ধ দেশটির ৪ কোটি ১০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে, বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এ যুদ্ধের কারণে বিশ্ব বাজার প্রবল ঝাঁকুনি খেয়েছে।
