২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম কয়লা বন্দর অবরোধ, গ্রেপ্তার শতাধিক

জলবায়ু কর্মীদের দাবি, তাদের বাধার মুখে পাঁচ লাখ টনের বেশি কয়লা অস্ট্রেলিয়া ছেড়ে যেতে পারেনি।

অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম কয়লা বন্দর অবরোধ, গ্রেপ্তার শতাধিক

ছবি: রাইজিং টাইড/বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 06:28 PM

Updated : 27 Nov 2023, 06:28 PM

বিশ্বের বৃহত্তম কয়লা বন্দরে দুইদিনের অবরোধে গ্রেপ্তার হয়েছে ১০৯ জন। জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা না নেওয়ায় অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বন্দরের শিপিং লেন দখল করে রেখেছিল তারা।

সাঁতার কেটে, কায়াক বা ছোট নৌকা ব্যবহার করে বন্দর অবরোধ করে শত শত বিক্ষোভকারী। জলবায়ু কর্মীদের দাবি, তাদের বাধার মুখে পাঁচ লাখ টনের বেশি কয়লা অস্ট্রেলিয়া ছেড়ে যেতে পারেনি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। দেশটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে।

নিউক্যাসেল বন্দরটি সিডনি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে। কয়লার চালানের জন্য দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল এটি।

বিবিসি জানায়, পুলিশের অনুমতি নিয়েই এ সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার প্রায় তিন হাজার মানুষ শিপিং লেনে ৩০ ঘণ্টার অবরোধে অংশ নেয়।

 কিন্তু অনুমোদিত নির্দিষ্ট সময়ের পরও কয়েক ডজন বিক্ষোভকারী পানিতে রয়ে যায়। তাদের মধ্য থেকে ১০৯ জন গ্রেফতার হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল পাঁচ অপ্রাপ্তবয়স্কও। তাদেরকে পরে মুক্তি দেওয়া হয়।

সোমবার নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া বিবৃতি বলা হয়েছে, পোতাশ্রয় ছেড়ে যেতে অস্বীকার করায় ১০৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Image

ছবি: রাইজিং টাইড/বিবিসি

এই অবরোধকারীদের একজন ৯৭ বছরের অ্যালান স্টুয়ার্ট বলেছেন, “আমার নাতি-নাতনি ও ভবিষ্যত প্রজন্মের জন্য এ বিক্ষোভ করছি। আমরা নিস্ক্রিয় থাকলে তাদেরকে এর ফল ভোগ করতে হবে। এ কারণেই আমি যা কিছু করতে পারি তা করাকে আমার কর্তব্য বলে মনে করি।”

অবরোধ কর্মসূচি আয়োজন করেছে রাইজিং টাইড নামের জলবায়ু বিষয়ক সংগঠন। এই অবরোধকে অস্ট্রেলিয়ার ইতিহাসে জলবায়ুর জন্য ‘সবচেয়ে বড় নাগরিক অসহযোগ’ আন্দোলন হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

আগামী বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৮। তার কয়েকদিন আগেই এমন অবরোধ কর্মসূচি পালিত হল।

রাইজিং টাইড জানায়, তারা চায় অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবেনিজ সরকার থারমাল কয়লা রপ্তানিতে কর আরোপ করুক এবং নতুন সব জীবাশ্ম জ্বালানি প্রকল্প বাতিল করুক।