২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা পর্যটকদের ভ্রমণে কোভিড বিধিনিষেধ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: চীন

চীনাদের জন্য বিভিন্ন দেশের বিমানবন্দরে আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 08:05 PM

Updated : 05 Jan 2023, 12:13 PM

চীন থেকে আগতদের জন্য বিভিন্ন দেশের বিমানবন্দরে আরোপ করা বিধিনিষেধকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে অভিযোগ করে চীন এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে।

গত বছরের শেষদিকে চীন সরকার তাদের ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে গিয়ে সংক্রমণের বিস্তার রোধে আরোপ করা অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়।

তার পরপরই দেশটিতে দ্রুত করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যদিও চীন সরকারের দেওয়া তথ্য সংক্রমণ কমার ইঙ্গিতই ‍দিচ্ছে।

যা মানতে নারাজ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশটির হাসপাতালগুলো এবং শ্মশানে ভিড় বেড়ে গেছে। যা কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার লক্ষণ।

কিন্তু সরকার যেহেতু গণহারে পরীক্ষা বন্ধ করে দিয়েছে তাই পরিসংখ্যানে দৈনিক শনাক্ত কম পাওয়া যাচ্ছে, যা কোনো ভাবেই দেশটির প্রকৃত অবস্থা তুলে ধরছে না।

বিবিসি ‍জানায়, গত ২৪ ডিসেম্বর চীন সরকারের দেওয়া কোভিডের সর্বশেষ আপডেটে দৈনিক শনাক্ত পাঁচ হাজারের কম দেখানো হয়।

কিন্তু কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ধারণা করছেন, চীনে ইতোমধ্যে দৈনিক ২০ লাখের বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন এবং এ মাসেই সংক্রমণের ঢেউ চূড়ায় উঠবে। তখন দৈনিক ৪০ লাখের মত মানুষ সংক্রমিত হবেন।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র, ভারত এবং যুক্তরাজ্যসহ আরো এক ডজনের বেশি দেশ চীন থেকে আগতদের বিমানবন্দরেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

তারা বলেছে, যেহেতু প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না এবং আগামী ৮ জানুয়ারি থেকে চীন ভ্রমণ বিধিনিষেধ শিথিল করছে তাই দেশটি থেকে আগতদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থও (ডব্লিউএইচও) চীন সরকারের প্রতি কোভিড বিষয়ে সঠিক তথ্য সবরাহের তাগিদ দিয়েছে।

এদিকে, বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার বলেন, বেইজিং ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ উন্নত করতে আগ্রহী’।

‘‘চীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলিকে কাজে লাগানোর প্রচেষ্টার দৃঢ় বিরোধী করছে। এবং পারস্পরিকতার নীতি অনুসারে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে।”

২০২০ সালের মার্চ মাস থেকে চীন সরকার তাদের সব সীমান্ত বলতে গেলে বন্ধই রেখেছিল। এই সময়ে অল্প যে কয়েকজন বিদেশি চীনে প্রবেশ করার সুযোগ পেয়েছেন তাদের কোভিড পরীক্ষা এবং কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

এখন চীন তাদের সীমান্ত খুলে দিতে যাচ্ছে। কিন্তু সেদেশ থেকে আগতদের উপর অন্যদেশের বিধিনিষেধ আরোপ তাদের পছন্দ হচ্ছে না।

পুরনো খবর:

চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ

ইউরোপীয় ইউনিয়নের রোগ প্রতিরোধ সংস্থা এবং অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা অবশ্য চীন থেকে আগতদের উপর বিধিনিষেধ আরোপের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তাদের ‍যুক্তি, উচ্চ মাত্রায় টিকাদান এবং তার কারণে যে সুরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তা কোভিডের কারণে জীবননাশের হুমকি অনেকটাই হ্রাস করেছে।

চীন থেকে আগতদের উপর বিধি আরোপ করা দেশগুলোর মধ্যে ইইউভুক্ত দেশ ফ্রান্সও রয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নে বলেন, ‘‘আমি মনে করি, আমরা পরীক্ষার ব্যবস্থা করে ফ্রান্সের জনগণকে রক্ষা করার দায়িত্ব পালন করছি।

‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে আমরা এটা করছি এবং আমরা এটা চালিয়ে যাব।”

যুক্তরাষ্ট্রও পরীক্ষার প্রয়োজনীয়তাকে সমর্থন করেছে এবং বলেছে, ‘‘একমাত্র এবং একচেটিয়াভাবে বিজ্ঞানের উপর ভিত্তি করে এটা করা হয়েছে।’’

কোভিড-১৯ নিয়ে চীনের লুকোচুরি অবশ্য এবারই প্রথম নয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে যখন এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয় এবং ছড়িয়ে পড়তে শুরু করে তখনও দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ভুল তথ্য দিয়েছিল।

শুধু তাই নয়, আন্তর্জাতিক সংগঠনগুলোকে উহান গিয়ে বিষয়টি খতিয়ে দেখতেও বাধা দিয়েছিল।

চীনে সংক্রমণ বৃদ্ধির মধ্যে ইইউ থেকে দেশটিকে কোভিড টিকা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার পর্যন্ত চীন সেই প্রস্তাব গ্রহণ করেনি বলে জানায় বিবিসি।

চীন সরকারের দাবি, তাদের হাত নিজ দেশে তৈরি পর্যাপ্ত কোভিড টিকা রয়েছে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনের তৈরি টিকার তুলনায় পশ্চিমাদের এমআরএনএ প্রযুক্তিতে তৈরি টিকা বর্তমান ওমিক্রন ধরণ ও উপধরণের বিরুদ্ধে অধিক কার্যকর।