২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ

৫ জানুয়ারি থেকে চীনের মূলভূখণ্ড, হংকং ও ম্যাকাও থেকে যাওয়া সব যাত্রীর ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।

চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 01:30 PM

Updated : 29 Dec 2022, 01:30 PM

চীন থেকে যাওয়া যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র।

৫ জানুয়ারি থেকে চীনের মূলভূখণ্ড, হংকং ও ম্যাকাও থেকে যাওয়া সব যাত্রীর জন্যই নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ওই যাত্রীদের তাদের ফ্লাইটের সময়ের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে করা পিসিআর বা এন্টিজেন শনাক্তকরণ পরীক্ষার ফলের সনদ দেখাতে হবে।  

চীন থেকে তৃতীয় কোন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অন্য কোনো দেশে যেতে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বদলানোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিবিসি। 

সংক্রমণ মোকাবেলায় তিন বছর ধরে ‘শূন্য কোভিড’ নীতির আওতায় কঠোর সব বিধিনিষেধ দিয়ে রাখা চীন চলতি মাসে হুট করে বিধিনিষেধ সব তুলে নিতে শুরু করলে দেশটির বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়াতে শুরু করে।

দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে এখন তুমুল চাপ দেখা গেলেও অর্থনীতির ক্ষতি কাটাতে বদ্ধপরিকর বেইজিং ভাইরাসকে সঙ্গী করে জীবনধারণে দ্রুত অভ্যস্ত হওয়ার পরিকল্পনায় অনড়; দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার বিধি উঠিয়ে ৮ জানুয়ারি থেকে সীমান্তও পুরোপুরি খুলে দিতে যাচ্ছে তারা।

এই পরিস্থিতিতে ইতালি, জাপান ও ভারতের মতো কিছু দেশ চীন থেকে যাওয়া যাত্রীদের ওপর নানান বিধিনিষেধ আরোপ করছে। এ তালিকায় সর্বশেষ যুক্তরাষ্ট্রের নামও যুক্ত হল। 

চীনের সরকার চলতি সপ্তাহে গড়ে প্রতিদিন ৫ হাজার রোগী শনাক্তের খবর দিলেও এই সংখ্যা ১০ লাখের নিচে নয় বলে অনুমান অনেকের। বড় বড় শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপের পাশাপাশি অনেক এলাকায় সাধারণ সর্দি-কাশির ওষুধও পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীনের সংক্রমণ পরিস্থিতির এমন ঊর্ধ্বগতি অনুমিতই ছিল এবং তা এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

অনেক দেশ এবং গণমাধ্যম পরিস্থতিকে ‘বাড়িয়ে দেখাচ্ছে’ এবং চীনের কোভিড নীতির পরিবর্তনকে ভুলভাবে হাজির করছে বলেও বুধবার অভিযোগ করেন তিনি।

“চীন বিশ্বাস করে, কোভিডের ক্ষেত্রে সব দেশের প্রতিক্রিয়াই বিজ্ঞানভিত্তিক ও সামঞ্জস্যপূর্ণ হবে,” বলেন ওয়েনবিন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, কোভিডের সম্ভাব্য নতুন ধরনের উদ্ভব শনাক্ত ও তা নিয়ে জানাবোঝার মধ্যে সংক্রমণের বিস্তার কম রাখার লক্ষ্যেই তারা চীন থেকে যাওয়া যাত্রীদের ওপর এ বিধিনিষেধ আরোপ করেছে।

চীন তাদের দেশে কোভিডের বিস্তার নিয়ে ‘স্বচ্ছ ও পর্যাপ্ত’ তথ্য দিচ্ছে না অভিযোগ করে তারা বলেন, কার্যকরভাবে সংক্রমণের বিস্তারে নজর রাখার ক্ষেত্রে স্বচ্ছ ও পর্যাপ্ত তথ্য খুবেই জরুরি এবং এর মাধ্যমে নতুন ধরনের উদ্ভবজনিত আশঙ্কাও কমানো সম্ভব।

ইউরোপিয়ান কমিশন বলেছে, তাদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক কমিটি চীনের পরিস্থিতি এবং এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার বসবে।

তবে তাদের সিদ্ধান্তের আগেই ইতালি চীন থেকে দেশটিতে যাওয়া সব যাত্রীর জন্য কোভিড শনাক্তকরণ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করে ফেলেছে।

সোমবার চীন থেকে মিলানের মালপেনসা শহরে নামা একটি ফ্লাইটের ৫২ শতাংশের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর তারা এই সিদ্ধান্ত নেয়, বলেছে ইতালির সংবাদ মাধ্যম লা রিপাবলিকা।

শুক্রবার থেকে জাপানেও চীন থেকে যাওয়া যাত্রীদের কোভিড শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে। যাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যাবে তাদেরকে ৭ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকাও লাগতে পারে। চীনে যাতায়াত করা ফ্লাইটের সংখ্যাও কমাচ্ছে তারা।

চীন এবং এশিয়ার আরও চারটি দেশ থেকে যাওয়া যাত্রীদের ভারতে নামার আগেই কোভিড নেগেটিভ সনদ জমা দেওয়ার বিধান করেছে নয়া দিল্লি। শনাক্তকরণ পরীক্ষায় কেউ ‘পজিটিভ’ হলে তাকে কোয়ারেন্টিনেও থাকতে হবে।

চীনের মূল ভূখণ্ড থেকে কেউ বিমানে বা নৌকায় করে তাইওয়ানে নামলে তাদের কোভিড পরীক্ষা করানোর ঘোষণা দিয়েছে তাইওয়ানও। কারও দেহে ভাইরাসের উপস্থিতি মিললে তাকে ঘরে আইসোলেশনে থাকতে হবে।

মালয়েশিয়াও চীন থেকে যাওয়া যাত্রীদের জন্য অতিরিক্ত শনাক্তকরণ ও নজরদারি ব্যবস্থা চালু করেছে।

তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, চীন থেকে যাওয়া যাত্রীদের জন্য ভ্রমণবিধিতে কোনো পরিবর্তন না আনলেও চীন এবং সারাবিশ্বের কোভিড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।