রাশিয়ার ১০ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিইভে আহত ৫১
কিইভ লক্ষ্য করে ছোড়া রাশিয়ার ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেইনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
ইউক্রেইনের রাজধানী কিইভে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫১ জন আহত এবং বেশকিছু বাড়ি ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার টেলিগ্রামে ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টার দিকে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী কিইভ লক্ষ্য করে ছোড়া রাশিয়ার ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলোর আবর্জনার আঘাতে কিইভের ভেতর দিয়ে যাওয়া নিপ্রো নদীর দুই পাড়ের চারটি অঞ্চলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিইভের নিপ্রোভস্কি অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আবর্জনার আঘাতে একটি শিশু হাসপাতালের প্রবেশ পথ ও জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে কেউ হতাহত হয়নি।
টেলিগ্রামে কিইভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আবর্জনার আঘাতে নিপ্রোভস্কি অঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৫১ জন আহত হয়েছে। অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আহতদের অধিকাংশ বিস্ফোরণের ধাক্কায় উড়ে আসা জানালা কপাটের আঘাতে জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসবের পাশাপাশি দেসনিয়ানস্কি, দারনিটস্কি ও হোলসিভস্কি অঞ্চলের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্স জানায়, এই হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রায় ২২ মাস ধরে দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ চললেও দুই পক্ষ বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে।
এর আগে সোমবার ভোররাতে কিইভে রাশিয়ার আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন আহত হয়েছিল।
ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণের ওদেসা অঞ্চলে রাশিয়ার পাঠানো ১০টি অ্যাটাক-ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
