২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুচিস্তানে বোমা হামলায় ‘র’ কে দায়ী করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবারের ওই হামলার পর ঘটনাস্থলেই ৫২ জন নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 09:49 AM

Updated : 23 Oct 2023, 09:49 AM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রার প্রস্তুতির সময় ভিড়ের মধ্যে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ জন।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন।

শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সাংবাদিকদের সামনে নিজের এই বক্তব্যের পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি বুগতি। তার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান বরাবরই পরষ্পরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার অভিযোগ করে থাকে।

শুক্রবারের ওই হামলার পর ঘটনাস্থলেই ৫২ জন নিহত হন। পরে হাসপাতালে আরো সাতজন মারা যান বলে জানান প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ওয়াসিম বেগ। গুরুতর আহত আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তার আগে নির্বাচনী প্রচার সমাবেশ বেশ জোরেশোরেই চলবে। এর মধ্যেই পাকিস্তানের পশ্চিমের রাজ্যগুলোতে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এখন পর্যন্ত বেশিরভাগ হামলার লক্ষ্যবস্তু হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।সংবাদ সূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)